পুলিশকে বাড়ি দেখিয়ে দেওয়ায় পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় পুলিশকে বাড়ি দেখিয়ে দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তোফাজ্জল হোসেন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তোফাজ্জল উপজেলার বাগধানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তোফাজ্জলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার পবা থানা-পুলিশ বাগধানী গ্রামে মাদকবিরোধীদের ধরতে অভিযান চালায়। পুলিশ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসোয়ারা বিবির বাড়ি চেনার জন্য তোফাজ্জলের সাহায্য নেয়। তোফাজ্জল পুলিশের সঙ্গে গিয়ে মাসোয়ারার বাড়ি দেখিয়ে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসোয়ারা পালিয়ে যান। পরে পুলিশ চলে যাওয়ার পরে মাসোয়ারা এবং তাঁর ভাই ঝড়ু বাবু এবং মাসুম আলী তোফাজ্জলকে পিটিয়ে গুরতর আহত করেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের মৃত্যু হয়। ওই দিন তোফাজ্জলের বাবা বাদী হয়ে পবা থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ আসামি মাসোয়ারা ও মাসুম আলীকে গ্রেপ্তার করে। অপর আসামি ঝড়ু বাবু পলাতক রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বলেন, গ্রেপ্তার করা দুই আসামিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।