
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক।’
পাশাপাশি তিনি এ-ও বলেছেন, ‘রাতারাতি ভালো সেবা দেব, ব্রিটিশ পুলিশ হয়ে যাব, বলছি না। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। ইউরোপীয় মানের সেবা চাইলে জনগণকে আইন মানতে হবে, পুলিশকে সহযোগিতা দিতে হবে। আইন মানতে হবে এবং অন্যকে আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে।’
গতকাল বুধবার ফেসবুকে দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। ‘জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই প্রশ্নোত্তর পর্ব সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত সোয়া আটটায় শেষ হয়। এই সময়ে ডিএমপি কমিশনার রাজধানীর যানজট, জঙ্গি হামলা, পুলিশের ঘুষ নেওয়া, অনলাইনে সাম্প্রদায়িক উসকানি, নারী ও শিশু নির্যাতন, সাধারণ ডায়েরি (জিডি) করতে হয়রানি এবং বিভিন্ন তল্লাশিচৌকিতে পুলিশের হেনস্তাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। ৬৭ হাজার ৬৬৭ জন ফেসবুক ব্যবহারকারী সরাসরি এ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ঘুষ খায় না, তা বলছি না। অন্য পেশার মানুষও ঘুষ খায়। তবে পুলিশ যাতে ঘুষ গ্রহণ না করে, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’
থানায় জিডি করতে গিয়ে বিড়ম্বনা সম্পর্কে এক ফেসবুক ব্যবহারকারী জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, কেউ যাতে বিড়ম্বনার শিকার না হন, সে জন্য থানায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শন করে থানার কর্মকর্তাদের কাউন্সেলিং করেছেন। থানায় থানায় জিডি বই সরবরাহ করা হয়েছে। আগের চেয়ে এই বিড়ম্বনা কমেছে উল্লেখ করে কমিশনার বলেন, রাতারাতি অবস্থার পরিবর্তন সম্ভব নয়।
ঢাকা শহরের তল্লাশিচৌকিগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয় কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় পুলিশের কিছু অসাধু সদস্য নিরিবিলি তল্লাশিচৌকিতে অন্যায় কাজ করতে পারেন। এ জন্য রাজধানীর প্রতিটি তল্লাশিচৌকি ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করেন। গণমাধ্যম থেকেও হয়রানির তথ্য সংগ্রহ করা হয়। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। জনহয়রানি কমিয়ে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে ডিএমপি কাজ করছে বলে তিনি জানান।
সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এক ব্যক্তির প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উন্নত দেশে উন্নত প্রযুক্তি ও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে যে সাফল্য পায়নি, আমরা সে সাফল্য পেয়েছি। জঙ্গি দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোয়াট ও কাউন্টার টেররিজম বিভাগ কাজ করছে।’ জঙ্গি দমনে সফলতার পেছনে সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশকে আরও জনবান্ধব কীভাবে করা যায়, এমন এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, ১৮৬১ সালের আইন দিয়ে একবিংশ শতাব্দীর সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এ জন্য যুগোপযোগী আইন প্রয়োজন। এখনো আইনটির পরিবর্তন না হওয়া দুঃখজনক।
যানজট নিরসনে ডিএমপির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের একেকজন সদস্য টানা ১৬ ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন। উল্টো পথে গাড়ি চলার মহোৎসব ৮০ ভাগ বন্ধ হয়েছে। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এই সরাসরি ফেসবুকে প্রশ্নোত্তর পর্ব থেকে ডিএমপি কমিশনার সাম্প্রদায়িক উসকানিদাতা, নারী ও শিশু নির্যাতনকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দেন। এ সময় মিডিয়া সেন্টারে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ফেসবুকে দর্শকদের করা প্রশ্নগুলো ডিএমপি কমিশনারকে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান।