পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে বলেছেন, চরম বিপদের সময় মানুষ পুলিশের সাহায্যের জন্য যায়। আইনি সেবা দিয়ে ও মানবিক আচরণ করে পুলিশকে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নতুন পুলিশ কর্মকর্তাদের জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি আপনারা দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবেন।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যুগোপযোগী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা। এ জন্য আমরা বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করা হয়েছে। তারপরও জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই পুলিশে আরও নতুন ৫০ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ হয়েছে, অবশিষ্ট জনবল শিগগিরই নিয়োগ করা হবে।’
রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ধিত জনবলের সঙ্গে প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের বিষয়টিও আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের পৃথক বিশেষায়িত ইউনিট গঠনের কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে আমরা পুলিশ বাহিনীকে উন্নত প্রশিক্ষণ দিচ্ছি। তথ্যপ্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’
সব অপতৎপরতা মোকাবিলায় পুলিশ হচ্ছে জনগণের বর্ম—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন সদস্য জীবন দিয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনই পুলিশ সদস্য। তিনি বলেন, পবিত্র সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার জন্য এ আত্মত্যাগের দৃষ্টান্ত বিরল।
৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের এক বছরের প্রশিক্ষণ শেষে গতকাল তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৬১ জন নবীন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে ছিলেন ২৬ জন নারী পুলিশ কর্মকর্তা। এ বছর প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে পঙ্কজ বড়ুয়া ‘সেরা শিক্ষানবিশ’ এবং রেজওয়ানা চৌধুরী ‘বেস্ট একাডেমিক’ এবং ফারুক আহমেদ ‘বেস্ট রাইডার’ পুরস্কার পান। তাঁদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী সারদা পুলিশ একাডেমিতে অবতরণ করেন। এরপর তিনি নবনির্মিত অতিথি ভবন ‘তরুণিমা’ ও প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারি উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন। এরপর কুচকাওয়াজ, ট্রফি বিতরণ ও ভাষণ দেন। আপ্যায়ন শেষে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর তীরে নবনির্মিত অতিথি ভবন ‘ঊর্মি’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।