পুলিশকে মামলার সঠিক তদন্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, পুলিশকে মামলার সঠিক তদন্ত করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করতে হবে। অনেক সময় দেখা যায়, মামলার তদন্তে প্রকৃত আসামিদের বাদ দিয়ে প্রতিবেদন দেওয়া হয়। এতে মামলা ক্ষতিগ্রস্ত হয়।
গত রোববার রাত নয়টার দিকে গোপালগঞ্জ জেলা জজ আদালতের উদ্যোগে আয়োজিত জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি মামলার তদন্তে পুলিশের গাফিলতির কথা উল্লেখ করে বলেন, অনেক সময় দেখা যায়, যারা প্রকৃত অপরাধী, তারা পার পেয়ে যায়। তিনি ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার সময় পুলিশকে আরও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারকাজে দীর্ঘসূত্রতা বিচারপ্রত্যাশীদের জন্য কুফল বয়ে আনে। এ কারণে বিচারকদের নিষ্ঠার সঙ্গে এবং কালক্ষেপণ না করে বিচারকাজ পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম। জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাবিদ হোসেন, সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম, সরকারি কৌঁসুলি (জিপি) খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সর্দার নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক আজহার আলী বক্তব্য দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।