পুলিশকে মারধর, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার বায়া ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগে ছাত্রলীগের স্থানীয় দুই কর্মীকে গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাসেল (২৫) ও সম্রাট (২৭)। তাঁরা দুজন ভাই।নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘তাদের বিরুদ্ধে গতকাল রোববার একটি মামলা হয়েছে। দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। তবে কেন তারা ওই পুলিশ সদস্যকে মারধর করেছে তা বলতে পারব না।’বায়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নগরের শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, শনিবার বিকেলে বায়া বাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে রাসেল ও সম্রাটের সঙ্গে আরেক মোটরসাইকেল আরোহীর কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় বায়া ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্য সুনিল তাঁদের রাস্তা থেকে সরে পাশে যেতে বলেন। এ নিয়ে রাসেল ও সম্রাট সুনিলের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে সুনিল সেখান থেকে ফাঁড়িতে চলে আসেন। এর কিছুক্ষণ পরই রাসেল ও সম্রাট লাঠিসোঁটা নিয়ে ফাঁড়িতে এসে সুনিলের ওপর হামলা করেন। ফাঁড়ির অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরা তাঁদের ওপরও চড়াও হন। পরে পুলিশ সদস্যরা তাঁদের দুজনকে আটক করেন।দলীয় একাধিক সূত্রে জানা গেছে, রাসেল ও সম্রাট নওহাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলীর ছেলে এবং পবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।