পুলিশকে মারধর, অস্ত্রছিনতাই
দিনাজপুরের নবাবগঞ্জে গত শুক্রবার রাতে পুলিশের দুই সদস্যকে মারধর করে তাঁদের কাছে থাকা পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে একটি ডাকাত দল। পরে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা গেলেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল সিরাজুল ইসলাম। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এসআই মিজানুর রহমান শুক্রবার রাত ১১টার দিকে কনস্টেবল সিরাজুল ইসলামকে নিয়ে ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কে নিয়মিত টহলে যান। তাঁরা মহিষবাথান নামক স্থানে নলশীষা সেতুতে পৌঁছালে ১৫-১৬ জনের একটি ডাকাত দল সড়কে দড়ি দিয়ে তাঁদের ফেলে দেয়। এরপর ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে এসআই মিজানুরের মাথায় আঘাত করে। আর সিরাজুলকে বেধড়ক পেটানো হয়। পরে দুর্বৃত্তরা মিজানুরের কাছে থাকা পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগজিন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, খবর পেয়ে দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. গোলাম আজাদ খান ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থলে যান। তাঁরা অস্ত্র উদ্ধারে পাশের ফুলবাড়ী ও পার্বতীপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে আশপাশের এলাকায় অভিযান চালান। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে পার্বতীপুর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিদ্দিক আলী (৩৫) ও লোকমান হোসেন (৩৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) শম্ভু দাসগুপ্ত জানান, রাত তিনটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে পার্বতীপুরের খয়েরপুকুর এলাকায় একটি গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় পিস্তল ও গুলিসহ ম্যাগাজিনটি উদ্ধার করেন। তবে মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি।
ওসি মমিনুল ইসলাম বলেন, আটক দুই ব্যক্তি চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে আটক ওই দুই ব্যক্তি জানিয়েছেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। এ ঘটনা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।
এ হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে।