পুলিশকে মারধরের ঘটনায় তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মনোয়ার হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের শ্যালিকা গ্রামের মজিবার রহমানের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের (ভরসা গ্রুপ) বিক্রয় কর্মী। গ্রেপ্তারের সময় তিনি নিজেকে যুবলীগের কর্মী দাবি করলেও স্থানীয় নেতারা তা অস্বীকার করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্র জানায়, রোববার সাপ্তাহিক হাটের কারণে আসমানখালী বাজারে বেশ ভিড় ছিল। সকাল নয়টার দিকে আসমানখালী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসলাম উদ্দিন এবং মনোয়ার হোসেন নামের ওই তরুণ দুটি মোটরসাইকেল চালিয়ে আসমানখালী বাজারে আসছিলেন। মনোয়ার ভুল দিক দিয়ে মোটরসাইকেল চালানোর কারণে এএসআই ইসলাম তাঁকে বকাঝকা করেন। এতে উত্তেজিত হয়ে মনোয়ার তাঁকে মারধর করেন। এতে ইসলামের শরীরে জখম-ফোলার সৃষ্টি হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মারধরের ঘটনায় এএসআই ইসলাম বাদী হয়ে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।