পুলিশকে মাসোহারা দিয়ে চলছে ‘কাঁকড়া’
গাইবান্ধা শহরে প্রায় পাঁচ হাজার রিকশা চলে। চলে অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। এসব কারণে বেশির ভাগ সময়ে শহরে যানজট লেগে থাকে। কিন্তু যানজট স্বাভাবিক না হতেই হঠাৎ বিকট শব্দে হাজির হয় কাঁকড়া (এক ধরনের ট্রাক্টর)। যানজট যতই থাকুক, বীরদর্পে সব যানবাহন অতিক্রম করছে এসব যান। এসব যানবাহন বর্তমানে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।অভিযোগ আছে, পুলিশকে মাসোহারা দিয়ে গাইবান্ধার বিভিন্ন পথে অবৈধভাবে শতাধিক কাঁকড়া চালানো হচ্ছে। এতে দুর্ঘটনা বেড়ে গেছে। কাঁকড়ার চাপায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।খোঁজ নিয়ে জানা গেছে, জমি চাষের জন্য ভর্তুকি দিয়ে বিদেশ থেকে এসব ট্রাক্টর আনা হয়। স্থানীয়ভাবে এগুলো কাঁকড়া নামে পরিচিত। অথচ পেছনে ট্রলি লাগিয়ে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে এগুলো। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বজলুর রশিদ বলেন, কৃষিকাজ ছাড়া পরিবহনের কাজে এগুলোর ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ।সরেজমিনে দেখা গেছে, এসব কাঁকড়ার চালকদের লাইসেন্স নেই। নেই কোনো রুট পারমিট। এমনকি চালকদের বয়স ১৩ থেকে ২৫ বছরের বেশি নয়। তারা বেপরোয়া গতিতে কাঁকড়া চালায়। গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক তোহা মিয়া বলেন, লাইসেন্স ও বিআরটিএর অনুমোদন দূরের কথা, কৃষিকাজের জন্য আনা এসব ট্রাক্টর পরিবহন হিসেবে চালানো পুরোপুরি বেআইনি। এ ধরনের অবৈধ ট্রাক্টরের মালিক ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব জিয়াউল হক বলেন, সম্প্রতি কাঁকড়ার চাপায় শহরের পূর্বপাড়ার যুবলীগকর্মী সোলায়মান আলী মারা গেলে কিছুদিন কাঁকড়া চলাচল বন্ধ থাকে। পুলিশ প্রতিটি কাঁকড়ার মালিকের কাছ থেকে এক হাজার টাকা মাসোহারা নিয়ে এসব চলাচলের অনুমতি দিয়েছে। এই টাকা পুলিশ কনস্টেবল থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত ভাগবাটোয়ারা হয়। কাঁকড়ার বিকট শব্দ পরিবেশ দূষিত করছে।জেলার সাত উপজেলায় কতগুলো কাঁকড়া চলছে এর কোনো সঠিক হিসাব মোটরযান অফিস কিংবা পুলিশের কাছে নেই। তবে অবৈধ কাঁকড়াচালক ও মালিকদের একাধিক সূত্রে জানা গেছে, জেলায় শতাধিক কাঁকড়া রয়েছে। গাইবান্ধা শহরের কলেজ শিক্ষক সাখাওয়াৎ হোসেন বলেন, অবৈধ কাঁকড়াগুলো জেলা শহরের ব্যস্ততম সড়কে ঢুকে যানজটের সৃষ্টি করছে। প্রশাসনের সামনে এসব যানবাহন চলাচল করলেও তারা অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জেলা মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী কেবল রাতে শহরে ট্রাক প্রবেশ করতে পারবে। কিন্তু দিনরাত শহর ও বিভিন্ন সড়কে কাঁকড়া চলছে। এ ছাড়া অদক্ষ চালকেরা প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটাচ্ছে।গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকার কাঁকড়াচালক রফিক মিয়া (১৬) জানায়, তৃতীয় শ্রেণী পাস করে সে বেকার ছিল। দুই বছর ধরে কাঁকড়া চালাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স করার বিষয়টি তার জানা নেই। রাস্তায় পুলিশ ধরলে মালিকের সঙ্গে মুঠোফোনে কথা বলে দিতে হয়। পরে তারা কাঁকড়া ছেড়ে দেয়। তবে কাঁকড়া চালানোর জন্য পুলিশকে মাসিক এক হাজার টাকা দিতে হয়।গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট আমিনুল ইসলাম মাসোহারা নিয়ে কাঁকড়া চালাতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, কৃষিকাজে ব্যবহারের জন্য এনে পরিবহনের কাজে ব্যবহার সম্পন্ন বেআইনি। কিন্তু এসব কাঁকড়া আটক করার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রভাবশালী মহল থেকে চাপ আসে। ফলে ছেড়ে দিতে হয়। পুলিশ সদস্যরা চাঁদা নিতে পারে, সেটা তাঁর জানা নেই।