পুলিশকে মাসোহারা দিয়ে চলে অবৈধ ইজিবাইক
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে অবৈধ যান ইজিবাইক চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাওলাদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধ যানবাহন চলাচলে পুলিশকে ‘ম্যানেজ’ করার কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন চালক ও মালিকেরা।
ওই প্রতিষ্ঠানের একটি কার্ড চালকদের কাছে দেওয়া থাকে। প্রতিটি কার্ডের বিনিময়ে ইজিবাইকের চালকদের গুনতে হয় এক হাজার টাকা। ওই কার্ড দেখালে পুলিশ সার্জেন্টরা রাস্তায় হলুদ গাড়ি ছেড়ে দেন। তবে হাওলাদার এন্টারপ্রাইজের মালিক মো. আরিফ হাওলাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরিশাল সিটি করপোরেশনের যানবাহন শাখার লাইসেন্স কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, পুলিশকে ৮০০ থেকে ১০০০ টাকা মাসোহারা দিয়ে সেসব অবৈধ যানবাহন রাস্তায় চলাচল করছে। বিষয়টি মেয়র মহোদয়কে অবহিত করার পর অভিযান শুরু হয়েছে।
ইজিবাইকের চালক আবদুল হাসেম জানান, মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক ফকরুদ্দিনের ইজিবাইক চালান তিনি। ওই গাড়ির কোনো অনুমতি নেই। তাঁর কথা বললে সার্জেন্টরা তাঁকে ছেড়ে দেন। ফকরুদ্দিন বলেন, করপোরেশনের অনুমতি নেই, তাই কোনোমতে গাড়িটি চালানো হচ্ছে।
আরেক চালক মিরাজ সিকদার জানান, গাড়ির মালিক একটি কার্ড দিয়েছেন। ওই কার্ড পুলিশকে দেখালে তারা ছেড়ে দেয়। চালক রানা শরীফ বলেন, ‘সবাই টাকা দেয়, আমরাও দেই।’ আরেক ইজিবাইকের মালিক মো. সহিদ জানান, তাঁর সিটি করপোরেশনের লাইসেন্স নেই। তাই পুলিশকে টাকা দিয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এক মাস চালানোর জন্য একটি কার্ড পেতে পুলিশকে এক হাজার টাকা দিতে হয়। ইজিবাইকটির মালিক মো. রুবেলও এর সত্যতা নিশ্চিত করেন।
সিটি করপোরেশনের যানবাহন শাখার তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলাম বলেন, সিটি করপোরেশন এলাকায় এক হাজার ২৯০টি বৈধ ইজিবাইক রয়েছে। তবে অবৈধ ইজিবাইকের সংখ্যা এর দ্বিগুণ হবে। এর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা রয়েছে প্রায় দুই হাজার, যেগুলোর কোনো অনুমোদন নেই।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এ টি মোজাহিদুল ইসলাম বলেন, মহানগর এলাকায় কিছু অবৈধ যানবাহন চলাচল করছে। অর্থ আদায়ের অভিযোগও আছে। ওই সব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শতভাগ সফল বলা যাবে না। এসবের চলাচল বন্ধে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।