পুলিশকে রক্ষায় তদন্তে গড়িমসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর শামছুদ্দিন মিলন হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হবে আজ ২৭ জুলাই। ২০১১ সালের এই দিনে পুলিশের সহায়তায় ও উপস্থিতিতে এলাকাবাসী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র পুলিশ আজও আদালতে দাখিল করতে পারেনি। পুলিশ সদস্যদের রক্ষা করতে গড়িমসি করা হচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেছেন।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মিলনকে হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ, উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ, দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, রফিক উল্লাহ চাঁদপুরের কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া এসআই আকরাম শেখ বর্তমানে বাগেরহাটের ফকিরহাট, কনস্টেবল আবদুর রহিম চৌমুহনী পুলিশ ফাঁড়ি এবং হেমারঞ্জন চাকমা চাটখিল থানায় আছেন।
পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, তদন্তে ঘটনার সঙ্গে পুলিশের যে তিন সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, তাঁদের নাম অভিযোগপত্রে যাতে না আসে, সে জন্য চলছে নানা হিসাব-নিকাশ। অভিযুক্ত পুলিশ সদস্যরা মিলনকে সরাসরি মারেননি—এই যুক্তির পাশাপাশি দায়িত্বে অবহেলার দায়ে তাঁরা এরই মধ্যে বিভাগীয় শাস্তি ভোগ করেছেন, এমন যুক্তি দিয়ে তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা চলছে।
মিলনের বাবা গিয়াস উদ্দিন ওরফে সেলিম বলেন, ‘কারা কীভাবে আমার ছেলেকে পিটিয়ে মেরেছে, তা ভিডিওচিত্রে মানুষ দেখেছে। কিন্তু আজও তাদের কিছু হয়নি। যে যার অবস্থানে আছে। আমি ছেলের হত্যাকারীদের বিচার চাই।’
মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, ‘তদন্ত একেবারেই শেষ পর্যায়ে। এখন শুধু কিছু দাপ্তরিক কাজ বাকি। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।’
মিলনের পরিবারের অভিযোগ, ২০১১ সালের ২৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন এসআই আকরাম শেখের নেতৃত্বে তিন সদস্যের একদল পুলিশ মিলনকে ডাকাত সাজিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে স্থানীয় জনতার হাতে তুলে দেয়। এ সময় জনতা পুলিশের কথামতো ডাকাত ভেবে উপস্থিতিতে মিলনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার আট দিন পর মিলনের মা কোহিনূর বেগম আদালতে একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার ইলিয়াছ শরিফ বলেন, বাদী যাতে ন্যায়বিচার পান, সে বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।