রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও জাতীয় প্রেসক্লাব এলাকায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল হামলা চালিয়েছেন। এসব ঘটনায় ৩৮ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বিকেলে মুক্তাঙ্গনে সমাবেশের কর্মসূচি দিয়েছিল নিষিদ্ধ এই সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর সেগুনবাগিচা মসজিদের সামনে থেকে হিযবুত তাহ্রীরের কর্মীরা মিছিল বের করেন। তাঁদের মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে তাঁরা কয়েকটি ককটেল ছুড়ে মারেন। সেগুলোর বিস্ফোরণে সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ও ধাওয়া করলে তাঁরা আশপাশের ভবনে ঢুকে পড়েন। পরে পুলিশ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ভবন থেকে ১২ জনকে আটক করে। আশপাশের এলাকা থেকেও কয়েকজনকে আটক করা হয়।
একই সময়ে বিজয়নগরের একটি গলি থেকেও হিজবুত তাহ্রীর মিছিল বের করে। ওই মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের কারও কারও কাছে কাফনের কাপড়, ব্যানার, লিফলেট পাওয়া গেছে।