পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের কাজীরদীঘি এলাকায় গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গুলিতে আরাফাত নামে বিএনপির এক কর্মী আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিস্ফোরিত হয়। এ সময় দুর্বৃত্তদের ঠেকাতে পুলিশ গুলি ছুড়লে আরাফাত আহত হন। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ নভেম্বর নগরের এ কে খান এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপকারীর যে ছবি পত্রিকায় ছাপা হয়েছে, আরাফাতের সঙ্গে তার পুরো মিল রয়েছে। আমরা এ ছাড়াও সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।’