পুলিশকে লক্ষ্য করে হিযবুত তাহরীরের ককটেল, আটক ৩২
রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও প্রেসক্লাব এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের পরপরই মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ৩২ জনকে আটক করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশের কর্মসূচি ছিল হিযবুত তাহরীরের।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হতে না হতেই সেগুনবাগিচা মসজিদ থেকে বের হন মিছিলকারীরা। তাঁরা ব্যানার হাতে প্রেসক্লাবের সামনে গিয়ে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ধাওয়া দিলে হিযবুত তাহরীরের সদস্যরা আশপাশের ভবনে লুকিয়ে পড়েন। এরপর অভিযান চালিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পাশের একটি ভবনে লুকিয়ে থাকা ১২ জনকে আটক করেছে পুলিশ। সেগুনবাগিচার আশপাশের এলাকা থেকেও আরও কয়েকজনকে আটক করা হয়েছে। একই সময় বিজয় নগরের সামনে দিগন্ত টেলিভিশন চ্যানেলের গলি থেকে হিজবুত তাহরীরের আরও একটি মিছিল বের হয়। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ‘প্রথম আলো’কে জানান, আটক হওয়া মোট ২৪ জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কাছে কাফনের কাপড়, ব্যানার, লিফলেট পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করে পল্টন থানায় আনা হয়েছে।