পুলিশকে লাঞ্ছিত করলেন নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় গতকাল রোববার আটক করা লাইসেন্সবিহীন মোটরসাইকেল ছেড়ে না দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তানোর থানার মোড়ে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ওই থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। এ সময় তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেনের ফুফাতো ভাইয়ের লাইন্সেসবিহীন মোটরসাইকেল আটক করেন। এরপর দেলোয়ার মোটরসাইকেলটি ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির শুরু করে ব্যর্থ হন।

বেলা তিনটার দিকে উপজেলার গোল্লাপাড়া বাজার মসজিদ মার্কেটের সামনে এসআই রফিকুল ইসলামকে পেয়ে তাঁর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে উপস্থিত লোকজনের সামনে দেলোয়ার রফিকুলের ইউনিফর্ম ধরে টানাহেঁচড়া করেন এবং ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেছেন।