দেশে আইএসের অস্তিত্ব নেই: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন পুলিশের তালিকা অনুসারে দেশে অবস্থান করা ২ লাখ ২৪ হাজার বিদেশির কে কোথায় আছেন সে বিষয়ে খোঁজ নেবে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। এসব বিদেশির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য সব জেলা পুলিশ সুপার ও কমিশনারকে নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় আইজিপি বলেন, জঙ্গি সংগঠন আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব বাংলাদেশে নেই। একটি মহল জঙ্গিগোষ্ঠী আইএসের নাম দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কেউ আইএসের আদর্শে বিশ্বাসী হতেও পারে। তবে আমরা এ দেশকে জঙ্গিরাষ্ট্র হতে দেব না। শক্ত হাতে দৃঢ়তার সঙ্গে ওই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। ইতালি ও জাপানের দুজন নাগরিক হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হবে।’

শহীদুল হক বলেন, অতীতে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ, চরমপন্থী, নাশকতাকারী এবং অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। সেই সাফল্য ধরে রাখতে হবে। দেশে জেএমবি, হুজিসহ বিভিন্ন নামে জঙ্গিবাদের উত্থান যেন না ঘটে সে জন্য জঙ্গিদের অপতৎপরতার ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সভায় দুই বিদেশির খুনিদের গ্রেপ্তার নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আইজিপি বলেছেন, যেভাবেই হোক তাদের গ্রেপ্তার করতে হবে। দলীয় পরিচয়ে চাঁদাবাজির ব্যাপারে হুঁশিয়ারি করে তিনি চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেছেন, গ্রেপ্তারের ক্ষেত্রে কারও কোনো পরিচয় দেখার দরকার নেই।

সভায় কয়েকজন পুলিশ সুপার বলেন, অনেক বিদেশি নিরাপত্তা চাইছেন। কিন্তু পুলিশের পক্ষে এত বিদেশির নিরাপত্তা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, দেশে বর্তমানে ২ লাখ ২৪ হাজার বিদেশি আছেন। অনেক বিদেশির ভিসার মেয়াদ নেই।

সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া বিগত তিন মাসের (প্রান্তিক) সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। অপরাধ পর্যালোচনায় দেখা যায়, আগের তিন মাসের তুলনায় আলোচ্য প্রান্তিকে মোট মামলার সংখ্যা কমেছে। এ সময়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার বেড়েছে। তবে দস্যুতা, খুন ও ধর্ষণ মামলা কিছুটা বেড়েছে।

সভায় সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. মোখলেসুর রহমান, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবুল কাশেম, ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্গাপূজায় নিরাপত্তা : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আইজিপি এ নির্দেশ দেন।