পুলিশকে সমর্থন দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতিহত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘পুলিশ বাহিনীকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতিহত করুন। আসুন, একাত্তরের মতো সর্বত্র প্রতিরোধ গড়ে তুলি, যাতে দেশ চিরকালের জন্য যুদ্ধাপরাধীমুক্ত হয়।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে পল্লবী থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাঁরা কাজ করেন, তাঁদের এ দেশে থাকার অধিকার নেই। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে আমরা প্রমাণ করব, বাংলাদেশ অপরাধীদের অভয়ারণ্য নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের কথা জানিয়ে বলেন, বিচারের কাজ বন্ধ করার জন্য জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। যখনই সুযোগ পাচ্ছে, চোর-ডাকাতের মতো এসে তারা সবার ওপর হামলা চালাচ্ছে। তিনি হামলাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রচলিত আইনে অপরাধীদের ধরার অধিকার সব নাগরিকের আছে।সরকারের সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শায়েস্তা খানের আমল বলেন, আর যেই আমলই বলেন, কোনো আমলে খেতমজুর কাজ করে দিনের শেষে ১৫ সের চাল নিয়ে ঘরে ফিরতে পারত না। কিন্তু আজ আমাদের সরকারের আমলে তারা তা পারছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আগামী ডিসেম্বরে যুদ্ধাপরাধীদের বিচারের রায় হতে পারে। সেই দিন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ছেলের জন্য দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আপনার ছেলের নামে দেশে এবং বিদেশে মামলা হয়েছে। দেশের মামলা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু বিদেশের মামলা নিয়ে কী বলবেন। সিঙ্গাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনার রাজনৈতিক প্রতিপক্ষ নয়।’ সাংসদ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী, শাহ আলম মুরাদ, শাহিদা তারেখ প্রমুখ বক্তব্য দেন।