রাজধানীর কোথাও যাতে কোনো জঙ্গি হামলা না হয়, সে জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া ১৪ এপ্রিল নগরীতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
গতকাল রোববার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা এ সভায় ডিএমপির আট বিভাগের উপকমিশনার, ডিএমপির গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় ছিলেন।
ডিএমপি কমিশনারের বরাত দিয়ে সভায় উপস্থিত একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নববর্ষের দিন রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগমস্থলই নয়, পুরো রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষের দিন রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। রাজধানীর কোথাও যাতে জঙ্গি হামলা বা নাশকতা না হয়, সে জন্য ডিএমপি কমিশনার পুলিশকে সর্বোচ্চ সতর্ক থেকে কর্তব্য পালন করতে নির্দেশ দিয়েছেন। নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গল শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের ব্যাগ, পোঁটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি নিয়ে ঢোকা যাবে না।
রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নিয়ন্ত্রণকক্ষ থেকে অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। রমনা পার্কসহ রাজধানীর বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানস্থলে ও বাইরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে ও আর্চওয়ে দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ২০১৫ সালের মতো এবার বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা যাতে না ঘটে, সে জন্য ওই এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে। ঢোকার পথগুলোতে তল্লাশিচৌকি ও ব্যারিকেড বসানো হবে। এর ফাঁকফোকর দিয়ে ভেতরে ঢুকে কেউ নাশকতা করতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি করা হবে। সন্ধ্যার পর রমনা পার্কে কোনো অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। এর আগে সবাইকে বের হতে হবে। সন্ধ্যা ছয়টার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এমন কাউকে ওই এলাকায় থাকতে দেওয়া হবে না।