পুলিশকে সৌজন্যমূলক আচরণের কথা বললেন ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের প্রতি পুলিশকে সৌজন্যমূলক আচরণ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গত বৃহস্পতিবার মিরপুর পিওএম পুলিশ লাইনসে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি এ আহ্বান জানান।
কমিশনার বলেন, দায়িত্ব পালনকালে পুলিশকে জনগণের প্রতি ভালো ব্যবহার ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। থানায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। খেয়াল রাখতে হবে, থানায় সেবা নিতে এসে যাতে কেউ হয়রানির শিকার না হন।
মাদকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাদক বিক্রি ও ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের আখড়া পাওয়া গেলে তা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার আরও বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। পুলিশের কোনো সদস্য মাদকের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট ঐক্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে। দেশের সব মহলে তার ভূয়সী প্রশংসা হয়েছে। দেশের মানুষের মধ্যে জঙ্গি দমনে আজ একটি ঐক্য তৈরি হয়েছে।