পুলিশকে হত্যাচেষ্টার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত যুবদলের কেন্দ্রীয় এই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ২০ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, সোমবার রাত পৌনে একটার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে সুলতান সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়। সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁকে তুলে নিয়ে যান । রিজভী অভিযোগ করেন, তিনি শুনেছেন সাদাপোশাকধারীরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে।
মামলার তথ্য বলছে, জাতীয় প্রেসক্লাব এলাকায় গত ৬ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। শাহবাগ থানার মামলায় পুলিশ বলছে, মানববন্ধন শেষে প্রেসক্লাব এলাকায় বিনা উসকানিতে বিএনপির নেতা–কর্মীরা তর্কে লিপ্ত হন। রাস্তায় মিছিল বের না করার জন্য পুলিশ নেতা–কর্মীদের অনুরোধ করে। কিন্তু নির্দেশ অমান্য করে রাস্তায় মিছিল নিয়ে যেতে থাকেন নেতারা। পুলিশ ফের মিছিল নিয়ে রাস্তায় না যাওয়ার অনুরোধ করে। তখন পুলিশের ওপর অতর্কিত হামলা করে হত্যার চেষ্টা চালায়। দফায় দফায় ইটপাটকেল ছোড়ে। সচিবালয়ের একটি ভবনের গ্লাস ভেঙে ফেলে। চার লাখ টাকার ক্ষতি করেছেন আসামিরা।
সুলতান সালাউদ্দিনকে রিমান্ডে নেওয়ার কারণ হিসেবে পুলিশ আদালতকে বলেছে, এ মামলার এজাহারে তাঁর নাম আছে। এ ঘটনায় জড়িত ছিল এমন অন্যান্য আসামিদের নাম এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সালাউদ্দিন। ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হবে বলে আদালতকে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশ যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন।
তবে সুলতানের আইনজীবীরা আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পাশাপাশি তাঁর জামিন চাওয়া হয়। জামিন আবেদন নাকচ করে সালাউদ্দিনকে রিমান্ডে নেওয়ার বিষয়ে শুনানির জন্য ২০ জুন দিন ঠিক করেন আদালত। রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মুহম্মদ সাইফুল ইসলাম খান।
ঢাকার আদালত চত্বরে যুবদলের বেশ কয়েকজন নেতা–কর্মী সালাউদ্দিনের মুক্তির দাবিতে কয়েক দফা স্লোগান দেন।