পুলিশকে 'গণরোষানলের' হুমকি জামায়াতের
‘সরকারি পোশাক পরে আওয়ামী লীগের ক্যাডারের ভূমিকা পালন করলে পুলিশকে গণরোষানলে পড়তে হবে’ বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী। ‘দলীয় আনুগত্য পরিহার করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন’ করারও পরামর্শও দেওয়া হয়েছে পুলিশকে। গতকাল শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের দেওয়া বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়। বরিশালের মুলাদী উপজেলার হোসনাবাদ গ্রাম থেকে গত বুধবার গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রী সংস্থার ২২ জন সদস্যকে ৫৪ ধারায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্রী সংস্থা দেশের আইন ও সংবিধান মেনে চলে। কাজেই তাদের কার্যক্রমে বাধা দেওয়ার এখতিয়ার সরকার ও পুলিশের নেই। গ্রেপ্তার ২২ জনের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রী। তাদের গ্রেপ্তার করে পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। বিবৃতিতে ছাত্রী সংস্থার সদস্যদের মুক্তির দাবি করা হয়।