পুলিশকে ‘না’ বলার জের!
ঝালকাঠির রাজাপুর থানার এক পুলিশ সদস্যকে বাকিতে আইসক্রিম না দেওয়ায় দরিদ্র প্রতিবন্ধী এক কলেজছাত্রকে একটি ফৌজদারি মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শারীরিক প্রতিবন্ধী মো. জাহিদুল ইসলাম নামের ওই কলেজছাত্র বরিশাল ব্রজমোহন কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রাজাপুর থানা সড়কের নজরুল স্টোর নামের একটি কনফেকশনারির কর্মচারী তিনি। জাহিদের বাবা লালু মুনশী উপজেলার বলাইবাড়ি এলাকার দিনমজুর।গত ২২ জুন রাজাপুর সদরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলায় আসামির নামের তালিকায় জাহিদের নাম ৬১ নম্বরে রয়েছে। মামলার বাদী রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। কোনো দিন রাজনীতি না করেও রাজনৈতিক মামলার আসামি হয়ে গ্রেপ্তার-আতঙ্কে জাহিদ এখন পালিয়ে বেড়াচ্ছেন।জাহিদ বলেন, তিনি ওই দোকানে কর্মচারীর কাজ করে পড়ালেখা ও সংসার চালান। প্রায় দুই মাস আগে থানার কম্পিউটার অপারেটর ও পুলিশ সদস্য (কনস্টেবল) মো. সোলায়মান দোকানে এসে বাকিতে কয়েকটি আইসক্রিম চান। মালিকের অনুমতি ছাড়া বাকি দেওয়া যাবে না বললে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান।জাহিদ অভিযোগ করেন, গত ২২ জুন রাতে তাঁর দোকানের পাশের একটি দোকানে ওই পুলিশ সদস্য এসে তাঁর (জাহিদ) বাবার নাম ও গ্রামের ঠিকানা সংগ্রহ করেন। ২৪ জুন রাতে বিএনপির লোকজনের কাছে মামলার কাগজ দেখে জাহিদ আসামি বলে জানতে পারেন। তাঁর নিজের নামের পাশে বাবার নাম ও বাড়ির ঠিকানা সবই মিলে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন।পুলিশ সদস্য সোলায়মান বলেন, ‘ছোট চাকরি করি। কোনো মামলায় কারও নাম ঢোকানো বা বাদ দেওয়া আমার ক্ষমতায় নেই। জাহিদকে আমি চিনিও না।’রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ওই দিনের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৩২ নেতা-কর্মীর নামে দুটি মামলা করা হয়। এর মধ্যে দ্রুত বিচার আইনের মামলায় আসামি ৫০ জন, এ মামলায় বাদী হয়েছেন এসআই আজিজুল ইসলাম। আর সরকারি কাজে বাধাদান ও অপরাধমূলক বলপ্রয়োগের মামলায় আসামি ৮২ জন, এ মামলার বাদী এসআই রফিকুল ইসলাম। শেষের মামলার ৬১ নম্বর আসামি জাহিদ।রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় দায়িত্বরত কর্মকর্তারা ও আমি আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছি। তদন্তে যদি পাওয়া যায়, কোনো আসামি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাহলে তদন্ত প্রতিবেদনে তাঁর নাম বাদ দেওয়া হবে।’