পুলিশকে ‘ব্যবহার করলে’ আপত্তি করবে মানবাধিকার কমিশন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করলে কমিশন আপত্তি তুলবে। গতকাল শনিবার এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, স্বাধীনতার পর সব সরকারই পুলিশকে রাজনৈতিক লক্ষ্যে ব্যবহার করেছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ‘মানবাধিকার ও পুলিশ’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এতে প্রধান অতিথি ছিলেন। মিজানুর রহমান বলেন, সরকারকে ভেবে দেখতে হবে পুলিশকে কীভাবে ব্যবহার করা হবে।মতবিনিময়ে পুলিশের পক্ষ থেকে তাদের নানা অসুবিধার কথা উল্লেখ করে বলা হয়, পুলিশ দেশের মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করছে। অথচ পুলিশ বাহিনীর সদস্যদেরই মানবেতর জীবনযাপন করতে হয়। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে এডিসি এস এম মোস্তাক আহমেদ খান ‘মানবাধিকার ও পুলিশ’ বিষয়ে কথা বলেন।পুলিশের সদস্যরা তাঁদের সমস্যার কথা উল্লেখ করেন। কাজের চাপের কথা তুলে তাঁরা বলেন, পুলিশের পারিবারিক জীবন বলতে কিছু নেই। পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমেরও সমালোচনা করেন। একজন কর্মকর্তা বলেন, পুলিশের হেফাজতে কোনো মৃত্যু হলে গণমাধ্যম ময়নাতদন্ত প্রতিবেদনের আগেই পুলিশকে দোষারোপ করে। তিনি বলেন, ময়নাতদন্তে নির্যাতনের কথা বলা হলে তাঁরা এর দায় মাথা পেতে নেবেন।ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে। এ লক্ষ্যে খসড়া পুলিশ অধ্যাদেশ তৈরি করা হলেও বর্তমানে তা মন্ত্রণালয়ে ফাইলবন্দী। তিনি আরও বলেন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান পুলিশ সদস্যদের বলেন, কোনো অজুহাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যাবে না। উপার্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের সদস্যরা জেনেশুনে এই পেশায় এসেছেন। এখন বলার সুযোগ নেই, বেতন এত কম। তবে পুলিশের অবস্থার উন্নতি করা দরকার।’মিজানুর রহমান রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করার সময় পুলিশের সমস্যা তুলে ধরার প্রতিশ্রুতি দেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, সরকার বা সরকারের কোনো বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে কি না, তা দেখার দায়িত্ব কমিশনের। তিনি জানান, পুলিশের হেফাজতে মৃত্যুর বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন থেকে কোনো চূড়ান্ত মতামত দেওয়া হয়নি। এ ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করেই কেবল কাউকে অভিযুক্ত করা যাবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) অমূল্যভূষণ বড়ুয়া, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) মনজুর কাদের খান, যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন) মীর শহীদুল ইসলাম, সব ডিসি, এডিসিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।