পুলিশপ্রধানদের সম্মেলন মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ঢাকায় পুলিশপ্রধান ও এ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে পুলিশ। আগামী ১২ থেকে ১৪ মার্চ ঢাকায় পুলিশ সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জঙ্গিবাদ দমন, মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এর বাইরে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনার বিষয়ে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামে রেড নোটিশ জারির বিষয়েও ইন্টারপোলের প্রতিনিধিদের সঙ্গে কথা হতে পারে।
পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘সহিংস উগ্রবাদ এবং আন্তদেশীয় অপরাধ কমিয়ে আনতে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশপ্রধানদের আঞ্চলিক সম্মেলন’ নামে ওই সম্মেলন ১২ মার্চ শুরু হবে। এতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মহাসচিব জুর্গেন স্টেক অংশ নেবেন। আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, ভারত, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার পুলিশ বাহিনীর প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দেবেন।
এর বাইরে ফেসবুকের ট্রাস্ট অ্যান্ড সেফটি ম্যানেজার বিক্রম লাংগে, এশিয়ান পোলের মহাসচিব ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন।