পুলিশপ্রধানের ওই দিনই পদত্যাগ করা উচিত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় পুলিশের নিষ্ক্রিয়তার দায়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় গতকাল সোমবার খায়রুল হক এ মন্তব্য করেন। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘অভিজিৎ হত্যা ও চলমান সন্ত্রাস: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় তিনি পুলিশের কর্মকাণ্ড তদারক ও জবাবদিহি নিশ্চিত করার জন্য ‘একটি স্বাধীন সংস্থা’ প্রতিষ্ঠার পরামর্শ দেন।
বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক বলেন, প্রকাশ্যে একজন লোককে হত্যা করা হচ্ছে, অথচ মাত্র ১৫ গজ দূরে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, তাঁদের কি উচিত ছিল না ঘটনাস্থলে দ্রুত এগিয়ে যাওয়া, আক্রমণকারীদের ধাওয়া করা অথবা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া?
সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘যিনি পুলিশ বাহিনীর প্রধান, তাঁর গাড়িতে দেখলাম তিনটা স্টার লাগানো। কিন্তু ওই স্টার যদি আমাদের সহযোগিতা না করে, তাহলে তার কোনো মূল্য আমাদের কাছে নেই। সাধারণ মানুষ স্টারের জন্য দৌড়ায় না, তারা চায় মাথার মগজ যেন রাস্তায় পড়ে না থাকে। তাঁর উচিত ছিল সেই দিনই পদত্যাগ করা। কিন্তু ওই সংস্কৃতি আমাদের দেশে নেই। তাই সেটা আমরা আশাও করি না।’
অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি খায়রুল হক। তিনি বলেন, ‘আপনাদের কেন এফবিআইকে ডেকে আনতে হবে? এফবিআই যে গ্রামার মেনে তদন্ত করে, আপনাদেরও তো একই গ্রামার মেনে তদন্ত করার কথা। একই প্রশিক্ষণ একই প্রক্রিয়া, তাদের আসার প্রয়োজন হয় কেন?’
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিজিতের খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার বিষয়ে কাজ করছে। অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার হবেই।
নিহত অভিজিতের বাবা অজয় রায় বলেন, বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করার জন্য সাংস্কৃতিক বিপ্লব দরকার।
শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ককে ‘হুমায়ুন আজাদ-অভিজিৎ সড়ক’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের চত্বরকে ‘হুমায়ুন আজাদ-অভিজিৎ চত্বর’ নামকরণের দাবি জানান নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মুনতাসীর মামুন, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবীব প্রমুখ। আয়োজক সংগঠনের উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।