পুলিশবাহী অটোরিকশায় ডাকাতের হানা!
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির জন্য অপেক্ষা করছিল একদল ডাকাত। ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাট ও হিলি স্থলবন্দরগামী বাস ডাকাতি করাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বাস পৌঁছানোর আগেই বগুড়ার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। যাত্রীবাহী অটোরিকশা ভেবে ডাকাতেরা অস্ত্রের মুখে সেটিও আটকে দেয়।এ সময় অটোরিকশা থেকে বেরিয়ে আসে রাত্রীকালীন টহল পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা হামলা করে টহল দলের ওপর। এতে সংঘর্ষ বাধে ডাকাত-পুলিশের মধ্যে। এ সময় পুলিশ রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে এক ডাকাতকে ধরে ফেলে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। অন্যদিকে ডাকাতদের আঘাতে আহত হন পুলিশের এক সদস্যও। রাত্রীকালীন টহল পুলিশের ডাকাত দলের কবলে পড়ার এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার মধ্যরাতে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই উপজেলার বাঁশের সেতুসংলগ্ন এলাকায়। ঘটনাস্থলের মাত্র ২০০ গজ অদূরে মহাসড়কের পাশের পুলিশ বক্সে থানা-পুলিশের অপর একটি দল অবস্থান করছিল। এ ঘটনায় আহত আন্তজেলা ডাকাত দলের সদস্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নালিচাবাড়ি গ্রামের আবু তাহের (৩৫) এবং ডাকাতদের হাতে আহত পুলিশ কনস্টেবল আবদুল লতিফকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কর্তব্যরত কালাই থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।