পুলিশসহ আটজনের বিরুদ্ধে মামলার জন্য আদালতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে নির্বাচনী সংঘর্ষে পড়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধার পরিবার এ ঘটনায় চার পুলিশসহ আটজনের বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে আবেদন করেছে।
গত সোমবার মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে এই আবেদন করেন সুজনের বাবা বাচ্চু মৃধা। এ আবেদন করার কারণে পুলিশ সুজনের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাঁদের বিরুদ্ধে মামলা করার আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন, মাদারীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক এনামুল হক মণ্ডল, কনস্টেবল মাসুদ রানা, হারুন অর রশিদ ও মো. আশিক এবং ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আয়ুব আলী ফকির, ইয়াকুব আলী ফকির, মনি মাতব্বর ও রাসেল মুন্সি।
মাদারীপুর জজ কোর্টের আইনজীবী মহিদুল ইসলাম বলেন, বাচ্চু মৃধা চার পুলিশ সদস্যসহ আট ব্যক্তিকে আসামি করে মামলা করতে আদালতে আবেদন করলেও বিচারক জাকির হোসেন গতকাল (মঙ্গলবার) বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো আদেশ দেননি। এর আগে সুজন নিহত হওয়ার ঘটনায় গত শনিবার রাতে পুলিশের ওই উপপরিদর্শক ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন।
সুজনের বাবা অভিযোগ করে বলেন, ‘পুলিশ বিনা কারণে গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে। এ হত্যার বিচার চাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। মামলার কারণে পুলিশ এখন আমাদের হুমকি দিচ্ছে। আমি আমার ছেলের হত্যার বিচার পাব না?’
গত ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউপির দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে দুই ইউপি সদস্যের ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে সুজন নিহত হন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা। সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ভোট দিতে সুজন আগের দিন গ্রামে গিয়েছিলেন।