বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের লাঠিপেটা ও বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে ভোলায় ছয় পুলিশসহ ৫৬ জন, সিরাজগঞ্জে সাত পুলিশসহ ৫০ জন, খুলনায় ২৩ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন, নওগাঁয় এক পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশ বিভিন্ন স্থান থেকে ২৯ জন নেতা-কর্মীকে আটক করেছে। বিক্ষোভকারীরা ভাঙচুর করেন কমপক্ষে ১২টি গাড়ি।সিরাজগঞ্জ: দুপুর পৌনে ১২টার দিকে শহরের ইবি রোডের জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে নবদ্বীপ পুল, ইবি রোড, ফজলুল হক রোড, কালীবাড়ি রোড ও ইসলামিয়া কলেজ রোডে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা, উপপরিদর্শক (এসআই) মনির হোসেন, সুবেদার হায়দার, কনস্টেবল হাকিমসহ পুলিশের সাত সদস্য এবং বিএনপির ৪৩ জন নেতা-কর্মী আহত হন। বিএনপির আহত নেতা-কর্মীদের মধ্যে আছেন শামীম, তৌহিদ, সবুজ, পাপ্পু, আশরাফ, সাইফুল, রাশেদ, টিটু, আবির ও বারিক।আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানা, লিখন ও আলসাদ নামের বিএনপির তিন কর্মীকে আটক করেছে।ভোলা: জেলা বিএনপির নেতা-কর্মীরা সন্ধ্যায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বরিশালের দালান এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন বিক্ষোভকারীরা। পুুলিশও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সদর রোডের বরিশালের দালান থেকে বাংলা স্কুল মোড় পর্যন্ত আধা কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসি মাসুদুজ্জামানসহ পুলিশের ছয়জন সদস্য এবং কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের নেতা খন্দকার আল-আমিন এবং কর্মী সাহাবুদ্দীন, আরিফ, ওয়াসিম, স্বপনসহ ১২ জনকে আটক করে।বগুড়া: দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের তিনমাথা রেলগেটের অদূরে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর একটার দিকে শহরতলির মাটিডালি মোড়ে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়।নওগাঁ: নওগাঁ জেলা বিএনপির নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে শহরের কে ডি মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের নওজোয়ান মাঠের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ লাঠিপেটা শুরু করে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান দাবি করেন, পুলিশের লাঠিপেটায় দলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে মশিউর রহমান নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাইবান্ধা: সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কুলার রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। একই সময় হরতালের বিপক্ষে মিছিল বের করেন যুবলীগের নেতা-কর্মীরা। যুবলীগের মিছিলটি বিএনপির কার্যালয় অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির কার্যালয়ের আসবাব ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় ছবি তুলতে গিয়ে আহত হন গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর-এর স্টাফ রিপোর্টার হেদায়েতুল। তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলনা: বেলা সাড়ে ১১টার দিকে নগরে মিছিল বের হয়। মিছিল থেকে নগরের পিকচার প্যালেস মোড় এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ লঠিপেটায় মিছিল ছাত্রভঙ্গ হয়ে যায়। বিএনপির নেতারা দাবি করেছেন, মিছিলে পুলিশের লাঠিপেটায় তাঁদের ২৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মনিরুজ্জামান, সৈয়দা নার্গিস আলী প্রমুখ।চুয়াডাঙ্গা: বিকেলে শহীদ আবুল কাশেম সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানা রোড হয়ে কোর্ট মোড় ঘুরে দলীয় কার্যালয়ে ফেরার পথে পুরোনো হাসপাতালের সামনে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক আবু জাফরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।ফরিদপুর: দুপুর ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের থানা রোড থেকে শুরু হয়ে নীলটুলী এলাকার মুজিব সড়কে পৌঁছার পর বিক্ষোভকারীরা একটি জিপ, দুটি ট্রাক ও একটি সুপার বাইক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যান।বরিশাল: দুপুর ১২টায় নগরের সদর রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি এবং কাঠপট্টি এলাকা থেকে অপর একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা অশ্বিনী কুমার হলের সামনে একটি প্রাইভেট কার ভাঙচুর করেন। পরে তাঁরা নগরের ফলপট্টি এলাকার রাস্তায় অবরোধ সৃষ্টি করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পুলিশ এখান থেকে বিএনপির কর্মী লিটন, শাহীন ও হারুন হাওলাদারকে আটক করে।নোয়াখালী: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীসহ উপজেলা সদরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও ছাত্রদল। দুপুরে জেলা শহরে টাউন হল মোড়ে ছাত্রদলের মিছিল শেষে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় শহর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল করিম, যুবদলের কর্মী জসিম এবং ছাত্রদলের কর্মী মো. রাসেল ও মো. বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন কাভার্ড ভ্যানের চালক মোশারফ।ফেনী: বিএনপির নেতা-কর্মীরা গতকাল দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে মিছিল বের করেন। মিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা জিয়া উদ্দিন, সৈয়দ মিজানুর রহমান, গাজী হাবিব উল্লা প্রমুখ।রাজশাহী: বিকেল পাঁচটার দিকে জেলা বিএনপি রাজশাহী মহানগরে মিছিল বের করার উদ্যোগ নেয়। এ সময় পুলিশ বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান নেয়। পুলিশের অবস্থান বুঝতে পেরে বিএনপির নেতা-কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন। একপর্যায়ে নেতা-কর্মীরা সংগঠিত হয়ে সাহেববাজার জিরো পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে নগরের আরডিএ মার্কেটের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।আমাদের গৌরনদী প্রতিনিধি জানান, সন্ধ্যা সাতটার দিকে বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ মিছিল থেকে সাতজন নেতা-কর্মীকে আটক করে। আটক নেতা-কর্মীরা হলেন বিএনপির নেতা আবদুর রাজ্জাক সরদার, যুবদলের নেতা সোহেল হাওলাদার, ছাত্রদলের কর্মী লাবিদ, রুবেল, রনি, যুবদলের কর্মী মাছুম ও বুলু সরদার।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, খুলনা ও ফেনী; বরিশাল, ফরিদপুর ও নোয়াখালী অফিস এবং চুয়াডাঙ্গা, নওগাঁ, গাইবান্ধা ও ভোলা প্রতিনিধি]