গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে একটি বেসরকারি ব্যাংকের ভবনে ভাঙচুর করা হয়৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে গতকাল সকালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান ওরফে আরিফের নেতৃত্বে বাজার এলাকায় একটি মিছিল বের করা হয়। পরে তাঁরা পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন সাউথইস্ট ব্যাংক ভবনের নিচে সমাবেশের আয়োজন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় একটি পক্ষের নেতা-কর্মীরা সাউথইস্ট ব্যাংকের কাপাসিয়া শাখার ভবনের নিচে ও আশপাশের দোকানগুলোতে আশ্রয় নেন। পরে আরেক পক্ষের নেতা-কর্মীরা ওই দোকানগুলোতে হামলা চালান এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ওই ব্যাংকের দ্বিতীয় তলার সামনের কাচ ভেঙে যায়। এ সময় আনিছুর রহমানের কর্মীদের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানসহ ১১ জনকে আটক করে। পুলিশ তাঁদের একটি লেগুনায় করে থানায় নেওয়ার সময় প্রতিপক্ষের কর্মীরা সেই লেগুনায় হামলা চালান। পুলিশ আবার কয়েকটি ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে৷ এঁরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (৪০), ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দির্জ (৩০) ও কর্মী আরিফ হোসেন (২৬)৷ তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, তাঁরা মিছিল নিয়ে বের হওয়ার পর আনিছুর রহমান পক্ষের নেতা-কর্মীরা তাঁদের এবং পুলিশের ওপর হামলা চালান।
থানা হেফাজতে আটক আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কারণ ছাড়াই শহীদুল্লাহর লোকজনই তাঁদের সমাবেশে হামলা চালিয়েছেন৷ একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে৷ হামলায় তিনিসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন৷