পুলিশসহ ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে ইলিশ লুটের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর থানার দুই পুলিশ ও ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে ইলিশ মাছ লুটের অভিযোগে মামলা হয়েছে। কমলনগর উপজেলার আমলি আদালতে গত সোমবার মামলাটি করেন মাছ ব্যবসায়ী বশির বেপারী।জ্যেষ্ঠ বিচারিক হাকিম খোরশেদুল আলম শিকদার সহকারী পুলিশ সুপারকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন: কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন, ছাত্রলীগের কর্মী জুয়েল, মহসিন, সালাউদ্দিন, কবির হোসেন, এরশাদ, সবুজ ও রিয়াজ। মামলার আরজি সূত্রে জানা যায়, গত শনিবার রাতে এসআই সফিকুল ও এএসআই আশরাফুল কমলনগর উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী বশিরের ঘরে হানা দিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইলিশ মাছ লুট করেন। এতে সহায়তা করেন ছাত্রলীগের নেতা দিদার হোসেন ও তাঁর কর্মীরা। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা দিদার হোসেন বলেন, ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা ও মজুদের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বশির আহমদ নিজের ঘরে ইলিশ মাছ মজুদ করে রেখেছিলেন। তিনিসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশকে খবর দিয়ে ১৫ অক্টোবর রাতে ওই মাছ জব্দ করিয়েছেন বলে বশির আহমদ সন্দেহ করে তাঁদের মামলায় জড়িয়েছেন।দিদার বলেন, পুলিশকে খবর দেওয়ার অভিযোগে বশিরের লোকজন শনিবার রাতে পাটোয়ারীর হাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সালাউদ্দিনকে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এসআই সফিকুল মাছ লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ছাত্রলীগের নেতা সালাউদ্দিনকে উদ্ধার করেন। এতে বশির ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ওই মিথ্যা মামলা করেছেন।