পুলিশসহ দুজনের মৃত্যু, দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামিবাহী মাইক্রোবাসে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া ব্যক্তিদের কয়েকজন l প্রথম আলো
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামিবাহী মাইক্রোবাসে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া ব্যক্তিদের কয়েকজন l প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আসামিবাহী মাইক্রোবাসে আগুন লেগে এক পুলিশ কনস্টেবল ও এক আসামির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার পুলিশ সদস্য ও চার আসামি। গত বুধবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন কনস্টেবল আবদুল আজিজ (৩২) ও আসামি শওকত (৩০)। দগ্ধ আটজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চট্টগ্রামে অভিযান শেষে আসামিদের নিয়ে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিল। চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় সেটিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই মাইক্রোবাসে আগুন ধরে এবং বিকট শব্দে মহাসড়কে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল আজিজ। তাঁর বাড়ি টাঙ্গাইলে। মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় পুলিশের চার সদস্য ও ছয় আসামিকে।

দুমড়ে–মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি
দুমড়ে–মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি

চার পুলিশ সদস্যের মধ্যে উপপরিদর্শক (এসআই) আবদুল মালেকের শরীরের ৩৫ শতাংশ, কনস্টেবল নুরুল হাসানের ৮ শতাংশ, আনোয়ার হোসেনের ৫ শতাংশ এবং শরীফুল ইসলামের ৪ শতাংশ পুড়ে গেছে। আসামিদের মধ্যে শওকতের শরীরের ৮৭ শতাংশ, নাজিম উদ্দিনের ৩৩ শতাংশ, আবদুস শুকুরের ২৮ শতাংশ, মো. বশিরের ২৭ শতাংশ এবং সাদ্দাম হোসেনের শরীরের ১৮ শতাংশ পুড়ে যায়। বাকি এক আসামির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
দগ্ধ নয়জনকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার দিকে মারা যান আসামি শওকত।
পূর্বাঞ্চল মহাসড়ক কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, মাইক্রোবাসে তেলজাতীয় পদার্থ ছিল। এ কারণে ট্রাকের ধাক্কার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ট্রাক ও মাইক্রোবাস দুটি উদ্ধার করা হয়েছে।