পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া বিশ্বকাপের নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুস্থ হয়ে উঠছেন। কয়েকজন ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহ করা খাবার খেয়ে গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা। এর মধ্যে ৫৯ জন পুলিশ, ২৯ জন আর্মড পুলিশ (এপিবিএন), ১৪ জন র্যাব, ফায়ার সার্ভিসের চারজন ও বাকিরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য রয়েছেন। এ ১১৫ জন সদস্য গতকাল বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকেরা জানান, খাবারগুলো বাসি ছিল। আবহাওয়াও ছিল তপ্ত। এ কারণে খাবারগুলো বিষাক্ত হয়ে যেতে পারে। এ খাবার পেটে বিষক্রিয়ার সৃষ্টি করেছে।মামলা: পচা খাবার সরবরাহের অভিযোগে পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় ছয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়, ইচ্ছাকৃতভাবেই পচা খাবার সরবরাহ করা হয়েছে। মামলার আসামিরা হলেন: রহমানিয়া রেস্তোরাঁর মালিক মো. বাবুল, তাঁর ছেলে কাজল, ব্যবস্থাপক সুভাষ চন্দ্র হাওলাদার, বাবুর্চি সুলতান মিয়া, খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রাই এক্সিমের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম ও বিপণন ব্যবস্থাপক মশিউর রহমান।মহানগর পুলিশ সূত্র জানায়, এ ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং যুব ও ক্রীড়ামন্ত্রী আহাদ আলী সরকার গতকাল রাজারবাগে অসুস্থদের দেখতে যান।