পুলিশি তথ্য যাচাই প্রতিবেদন পেতে ৩০০ টাকা!
সিলেটের ওসমানীনগরে পুলিশি তথ্য যাচাই প্রতিবেদন পেতে পুলিশকে টাকা দিতে হয়। খরচ ছাড়া নাকি পুলিশ প্রতিবেদন দেয় না। এমন অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।খোঁজ নিয়ে জানা যায়, বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার খুজগীপুর গ্রামের রিপন মিয়ার ড্রাইভিং লাইসেন্সের জন্য তথ্য যাচাইয়ের তদন্ত করেন ওসমানীনগর থানার এএসআই মঞ্জুর রাহী। তিনি গত শনিবার রিপন মিয়াকে স্থানীয় গোয়ালাবাজারের এক রেস্টুরেন্টে ডেকে নিয়ে তথ্য যাচাই প্রতিবেদন খরচ বাবদ ৫০০ টাকা দাবি করেন। পরে তাঁকে অনুরোধ করে ৩০০ টাকা দেওয়া হয়। এর আগে গত বছর এই ভুক্তভোগী তাঁর ছোট তিন বোনের পাসপোর্ট তথ্য যাচাই প্রতিবেদনের জন্য তদন্তকারী এক কর্মকর্তা এক হাজার ৫০০ টাকা দাবি করলে শেষ পর্যন্ত এক হাজার ১০০ টাকা দিয়ে রক্ষা পান।রিপন মিয়া বলেন, ‘এএসআই মঞ্জুর রাহী শনিবার ফোন করে গোয়ালাবাজারের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলেন। আমার মাকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করলে তিনি খরচ বাবদ ৫০০ টাকা দাবি করেন। অনুরোধ করে ৩০০ টাকা দিই। সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর রাহী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাঁদের কাছে কোনো টাকা দাবি করিনি। তাঁরা আমাকে নিজ ইচ্ছায় জোর করে ৩০০ টাকা দিয়েছেন।’