পুলিশি তৎপরতা সত্ত্বেও গ্রেপ্তার হচ্ছে না আসামিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ২৭ ঘণ্টার ব্যবধানে ছুরিকাঘাতে দুই ব্যক্তির প্রাণ গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ তৎপর নয় বলে নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে। অন্যদিকে পুলিশের দাবি, ঘটনার পরপরই আসামিরা কুমিল্লা ছেড়েছেন। তাই তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ছয়টায় নগরের সদর হাসপাতালের সামনের সড়কে গাংচর এলাকার বাসিন্দা ও কলেজশিক্ষার্থী আরমান হোসেন (১৮) পূর্বশত্রুতার জেরে খুন হন। এর আগে গত শুক্রবার বিকেল তিনটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মিয়া ওরফে খোকন সর্দারকেও পূর্বশত্রুতার জের ধরে হত্যা করা হয়। উভয় খুনের ঘটনা ঘটে ছুরিকাঘাতের মাধ্যমে।জায়গাজমি নিয়ে বিরোধ, সড়ক নির্মাণে প্রতিবন্ধকতা, সালিস নিয়ে বিরোধ ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মিয়া ওরফে খোকন সর্দারকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। ওই হত্যা মামলার ১৩ আসামি ও তাঁদের স্বজনেরা ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক অমর চন্দ্র দাস জানান, শুক্রবার শাহাপুর দরবার শরিফ থেকে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ছুরিকাহত হয়ে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা করেন। পুলিশ জানায়, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচথুবী ইউনিয়নে সদস্যপদে নির্বাচন করেন খোকন সর্দার ও সফিকুল ইসলাম। ওই নির্বাচনে খোকন সর্দার ১৬ ভোটে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হলেও গ্রামের সালিস-বৈঠক ও বিচার-আচার করতেন খোকন সর্দারই। এর আগে ওই দুই নেতার মধ্যে জায়গাজমি ও এলাকায় সড়ক নির্মাণ নিয়ে বিরোধ ছিল। হাছিনা বেগম বলেন, ‘শত্রুতাবশত আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়। এই সরকারের আমলেই এর বিচার চাই।’কুমিল্লার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, চার-পাঁচটি কারণে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ড ঘটিয়ে আসামিরা বর্তমানে চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থান করছে।এদিকে আরমান হত্যার ঘটনায় তাঁর বাবা হোসাইন আহমেদ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় চার ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। তাঁরা হলেন: নগরের চর্থা এলাকার শাকিল (২০), ফয়সল (২০), রুবেল (২০) ও সৈকত (২০)। হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, আরমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যায়নি। নগরের অপরাধ প্রবণতা সম্পর্কে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, নৈতিক অবক্ষয় ও আধিপত্য বিস্তারের মতো ঘটনাকে কেন্দ্র করে খুন দুটি হয়েছে। পুলিশ উভয় হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।