পুলিশি তৎপরতার পরও ছিনতাই বেড়েছে নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি তৎপরতা জোরদার করার পরেও রংপুর নগরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না। প্রতিদিনই পাড়া-মহল্লার অলিগলি সড়কে ছিনতাই সংঘটিত হচ্ছে। শুধু রাতে নয়, এমনকি দিনের বেলায়ও ঘটছে ছিনতাই। গত ১০ দিনের ব্যবধানে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে ৩০টি ছিনতাইয়ের ঘটনার খবর জানা গেছে।
নগরের যেসব এলাকায় বেশি ছিনতাই সংঘটিত হয়েছে, সেসব এলাকা হলো: শহরের মুন্সিপাড়ার মাদ্রাসা রোড, নিসবেতগঞ্জ রোড, কবরস্থান এলাকা, শালবন মিস্ত্রিপাড়া, কেরানীপাড়া জামতলা, কেরানীপাড়া মোড় থেকে কটকিপাড়া রোড, আর কে রোডের ইসলামবাগ, বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে মেডিকেল পূর্বগেট, রংপুর সরকারি কলেজ রোড, মাহিগঞ্জ, সাতমাথা, লালবাগ থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় যেতে পার্কের মোড় পর্যন্ত সড়ক, পার্কের মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়ক, বাবুপাড়া, কলেজ রোড, কলেজপাড়া, গণেশপুর, সাতগাড়া মিস্ত্রিপাড়া, কামালকাছনা দখিগঞ্জ শ্মশান এলাকা, নীলকণ্ঠ থেকে পাকার মাথা সড়কসহ আরও কিছু এলাকা।
নারীদের অভিযোগ, ছিনতাইকারীদের প্রধান লক্ষ্য তাঁদের ভ্যানিটি ব্যাগ ও গলার চেন। দুর্বৃত্তরা চেন ও ভ্যানিটি ব্যাগ টান দিয়ে অলিগলি দিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, তিনি ছিনতাইয়ের ভয়ে চেন পরা বন্ধ করে দিয়েছেন। আর ছোট পার্টস ছিনতাইকারীরা টেনে দৌড় দেয় বলে বড় হাতব্যাগ বহন করা হয়।
মুন্সিপাড়া এলাকার মাদ্রাসা রোডে ৭ জুলাই দিনের বেলা রিকশায় যাওয়ার পথে এক নারীর গলার চেন দুই যুবক মোটরসাইকেলে করে চলন্ত অবস্থায় ছিনিয়ে নেয়। একই পাড়ার নিসবেতগঞ্জ রোডে ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ব্যবসায়ী এজাজুল ইসলামের মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয় এবং একরামুলের কাছে টাকা না পেয়ে তাঁদের মারপিট করা হয়েছে বলে দুই ব্যক্তির অভিযোগ।
শহরের লালবাগ কৃষি ফার্মের সামনে ১৫ জুলাই রাত ১১টার দিকে আবদুল্লাহ নামের এক ব্যবসায়ীর মুঠোফোন ও কিছু টাকা ছোরা ধরে ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেছেন। ১৩ জুলাই নীলকণ্ঠ এলাকায় রহিম শেখ নামের এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। একই দিন কামালকাছনা দখিগঞ্জ শ্মশানের সামনে রাত ১০টার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়ে মুঠোফোন খুইয়েছেন। এমনি করে ৫ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত আরও অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন বলেন, এ ব্যাপারে পুলিশসহ বেসরকারি উদ্যোগে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
কারমাইকেল কলেজ ক্যাম্পাসে গত জুন মাসে ৫০টির বেশি ছিনতাই সংঘটিত হওয়ার প্রতিবেদন ৯ জুলাই প্রথম আলোর মহানগর পাতায় প্রকাশিত হয়েছে।
পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে একাধিক এলাকা চিহ্নিত করে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই ১০ থেকে ১৫ জন চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হচ্ছে।