পুলিশি নিরাপত্তা নিয়ে মোটরসাইকেল মহড়া
ব্যক্তিগত কাজে মাদারীপুর এসে সরকারি সুবিধা ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান। গত শনিবার তিনি পুলিশি নিরাপত্তায় দেড় শতাধিক মোটরসাইকেল ও ১০টি প্রাইভেট কার নিয়ে মহড়া দেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আবদুস সোবহান ব্যক্তিগত কাজে এসে মস্তফাপুর বাসস্ট্যান্ডে দুপুর ১২টায় আধা ঘণ্টা অবস্থান করে পথসভায় বক্তব্য দেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাতিজা সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান ও বোটানিক অ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান বক্তব্য দেন। সেখান থেকে নৌমন্ত্রীর চাচাতো ভাই বজলুর রহমান রুমি খানের নেতৃত্বে শতাধিক সমর্থক নিয়ে দেড় শতাধিক মোটরসাইকেলসহ ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ড হয়ে বেলা দেড়টায় কালকিনি সার্কিট হাউসে পৌঁছান।মাদারীপুর ও কালকিনির পুলিশ, ডিবি ও র্যা বের সদস্যরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অবস্থা বোঝার চেষ্টা করে। কালকিনি সার্কিট হাউসে পৌঁছে তিনি উৎসুক জনতার সামনে বক্তব্য দেন। বিকেল চারটায় কালকিনি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক জানান, তিনি সফরে আসার ব্যাপারে তাঁদের কিছু জানাননি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, তিনি সরকারি সফরে আসেননি। তাঁর ব্যক্তিগত নির্দেশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সঙ্গে ছিল।ব্যক্তিগত সফরে সরকারি প্রটোকল ব্যবহার করার কারণ জানতে চাইলে আবদুস সোবহান বলেন, ‘আমি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছি। আমি যেখানেই যাই, আমার জন্য তো বিশেষ ব্যবস্থা থাকবেই। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এসেছি।’