পুলিশি নিরাপত্তায় কাদের মোল্লার পরিবারকে ফরিদপুরে পাঠানো হচ্ছে
আবদুল কাদের মোল্লার পরিবারকে পুলিশি নিরাপত্তায় ফরিদপুরে পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার রাতে পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
এর আগে কাদের মোল্লার ছেলে হাসান জামিল প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, রাতে তাঁর পরিবার ফরিদপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁদের ওপর আক্রমণ চালান। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁর ভাই হাসান মওদুদ ও মামা রাজিবুল হাসানকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে শিবলী নোমান বলেন, উত্তেজিত জনতার হাত থেকে এবং কাদের মোল্লার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। সেখান থেকে তাঁদের পুলিশি নিরাপত্তায় ফরিদপুর পাঠানো হচ্ছে। তাঁদের আটক করা হয়নি।
এদিকে রাত ১০টা ১ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর ১১টা ১০ মিনিটে কাদের মোল্লার মরদেহ ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।