পুলিশি নিরাপত্তায় শিশু রাব্বি
পাঁচ মাসের শিশু রাব্বি ও তার মাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। চার সন্তান নিয়ে রাব্বির মা সাবিনা বেগম এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের নিরাপত্তায় নিয়োজিত আছেন পুলিশের দুজন সদস্য।এদিকে ১১ ঘণ্টা আটকে রাখার পর কিশোরগঞ্জের ভৈরব থানার পুলিশ গত শনিবার রাতে ওই শিশুর বাবা মনির হোসেনকে ছেড়ে দেয়। তাঁকে পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকীর জিম্মায় ছাড়া হয়। আর শিশুটিকে টাকার বিনিময়ে নিতে আগ্রহী মর্জিনা বেগমকে শনিবার থানায় ডাকা হয়।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদে মনির নেশার টাকার জন্য নিজের সন্তান বিক্রির বিষয়টি অস্বীকার করেন। তা ছাড়া, আটকের সময় তাঁর সঙ্গে মাদকও ছিল না। তাই আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার দেখানো যায়নি।’পৌর শহরের চণ্ডীবেড় দক্ষিণপাড়ায় গতকাল কথা হয় সাবিনার সঙ্গে। তিনি বলেন, ‘বাড়ি নাই, ঘর নাই। এহন বাচ্চার ফুফুর বাড়িতে উঠছি। এই বাড়ি থাইক্কা চলে যাইবার পর কই গিয়া উঠুম, জানি না।’ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিন জানান, পৌরসভার পক্ষ থেকে গতকাল পরিবারটিকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির পুনর্বাসনের জন্য পৌর পরিষদ আরও উদ্যোগ নেবে।এ ছাড়া, গতকালও প্রথম আলোর অনেক পাঠক রাব্বি ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখিয়েছেন।গত শনিবার প্রথম আলোয় ‘এই মায়ের কোল খালি হবে আজ!’ পরদিন ‘মায়ের কোলে নিরাপদে রাব্বি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। ভৈরব পৌর শহরের চণ্ডীবেড় দক্ষিণপাড়ার মনির হোসেন নেশার খরচ জোগাতে ছোট ছেলে পাঁচ মাস বয়সী রাব্বিকে দুই হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন। এ জন্য তিনি ৫০০ টাকা অগ্রিম নেন। শনিবার বাকি টাকা নিয়ে রাব্বিকে মায়ের কোলছাড়া করার কথা ছিল। কিন্তু প্রশাসন ও সচেতন মানুষের সহযোগিতায় তা ব্যর্থ হয়।