বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে গত শনিবার রাতে বগুড়ার শেরপুরে কমপক্ষে ২৫টি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। সিরাজগঞ্জে গতকাল রোববার পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। এ সময় দুটি যানে অগ্নিসংযোগ ও দুটিতে ভাঙচুর করেন অবরোধকারীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবরোধ চলাকালে কুড়িগ্রামে অবরোধকারীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর (বগুড়া): শনিবার রাত ১২টার দিকে পুলিশের পাহারায় কমপক্ষে ১০০টি পণ্যবাহী ট্রাক পারাপারের সময় উপজেলার কলেজ রোড ও মহিপুর এলাকায় ২৫টি পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। ট্রাকচালক মো. সুমন জানান, পুলিশের পাহারায় উপজেলার মহাসড়ক এলাকা পার হওয়ার সময় গাড়িবহরের শেষের দিক থেকে ১৫-২০ জনের অবরোধকারীর একটি দল ট্রাকে এলোপাতাড়ি ইট ছুড়ে মারে। এতে তাঁর ট্রাকসহ বহরের কমপক্ষে ২৫টি ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। পুলিশের গাড়ি সামনে থাকায় ভাঙচুরের ঘটনা পুলিশ তাৎক্ষণিকভাবে নজরে আনতে পারেনি। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এ ব্যাপারে তাঁরা সতর্ক থাকবেন।
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় রূপালী ব্যাংকে অবরোধকারীরা ঢিল ছুড়ে ব্যাংকের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় ভয়ে ব্যাংকের অনেক গ্রাহক দৌড়ে নিজেদের রক্ষা করেন।
সিরাজগঞ্জ: ভোর ছয়টার দিকে বেলকুচির তামাই বাজারে বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির এক কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হন। দুপুরে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া থানার পূর্ব পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় সীমানা দেয়ালের ওপর দিয়ে ভেতরে দুটি ককটেল ছোড়ে। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া সদর উপজেলার বহুলি বাজার, খোকশাবাড়ি ও এলজিইডি মোড়, শিয়ালকোল ও চণ্ডীদাসগাতি বাজারে পিকেটিং করেন বিএনপির কর্মীরা। এদিকে শনিবার রাতে দুটি বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছি কলেজের সামনে আওয়ামী লীগের কর্মী রওশন আলীর একটি মোটরসাইকেল ও আরেকজনের একটি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। পরে নিমগাছি ধানহাটা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কর্মী সোহেল রানার একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ নিমগাছি বাজারে ও বিএনপি নিমগাছি কলেজের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উলিপুর (কুড়িগ্রাম): সকালে চিলমারী উপজেলার ডাওয়াইটারী এলাকায় ট্রাক্টরে করে মাটি আনার সময় ১৮ দলের কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে ট্রাক্টর শ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহত ট্রাক্টর চালক আবুল হোসেনকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।