হল খোলার এক দিনের মধ্যেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আবার বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধে যানবাহন না পেয়ে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। তবে পুলিশি প্রহরায় উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসে যাওয়া-আসা করছেন।
গত শুক্রবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আগে ছাত্র নিহতের ঘটনার জের ধরে গত বছরের ১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।
সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে সব হল থেকে আবাসিক শিক্ষার্থীরা ভ্যানে করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে প্রধান ফটকের সামনে জড়ো হন। সেখানে কোনো বাস না পেয়ে তাঁরা দাঁড়িয়ে থাকেন। অনেকে বাধ্য হয়ে অবৈধ নছিমনে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ক্যাম্পাসে আসেন। প্রয়োজনীয় কাজ শেষে পুলিশি পাহারায় তাঁরা আবার কুষ্টিয়ায় চলে যান।
এক দিনের ব্যবধানে অনিবার্য কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তৃতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি লালমনিরহাটে। বৃহস্পতিবার রাতে তিনটি ট্রেন পরিবর্তন করে পোড়াদহ স্টেশনে পৌঁছান। তখন বাজে রাত চারটা। সেখান থেকে নছিমনে করে তীব্র শীতের মধ্যে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকালে ক্যাম্পাসে পৌঁছান। কিন্তু ২৪ ঘণ্টা হতে না-হতেই আবার অনিশ্চয়তার কথা শুনতে হয় তাঁকে। গতকাল সকালের মধ্যে হল ত্যাগ করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।
সাবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা পুলিশি পাহারায় আসা-যাওয়া করছেন। আমাদের আসা-যাওয়ার কথা একবারের জন্যও তাঁরা ভাবেন না।’
শিক্ষার্থী মনজুর হাসান বলেন, তিনি ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন। ক্যাম্পাস দফায় দফায় বন্ধ থাকায় এখনো তিনি প্রথম বর্ষের ছাত্র হিসেবেই রয়েছেন। জানতে চাইলে উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, তিনি কখনোই হল বন্ধ করতে চান না। কিন্তু পরিস্থিতি তাঁকে হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য করে।