পুলিশি পাহারায় জ্বালানি তেল সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো থেকে পুলিশি পাহারায় উত্তরাঞ্চলের তিন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। গত শুক্রবার রাতে ট্যাংকলড়িতে করে তেল সরবরাহ করা হয়।
পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো সূত্রে জানা গেছে, অবরোধ চলায় দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়। এ কারণে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ পুলিশি পাহারায় তেল সরবরাহের উদ্যোগ নেয়। ওই উদ্যোগের অংশ হিসেবে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের ২৩টি, পদ্মা ওয়েল কোম্পানির ১৮ ও যমুনা ওয়েল কোম্পানির ১৫টি ট্যাংকলড়ি পাঁচ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যায়। পুলিশি পাহারায় ওই গাড়িগুলো নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।
যমুনা ওয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর উপব্যবস্থাপক (ডিএস) মুজিবুল হক জানান, সেচ মৌসুম চলছে। এ অবস্থায় জ্বালানির চাহিদাও বেড়ে গেছে। কাজেই অবরোধ থাকলেও জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা যাচ্ছে না। পুলিশি পাহারায় তেল সরবরাহ অব্যাহত রাখা হবে।