পুলিশি পাহারায়ও আতঙ্ক কাটছে না জগৎমল্লপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার সাক্ষী রাউজানের জগত্মল্লপাড়ার বাসিন্দা আশীষ চৌধুরীর বাড়ির আঙিনায় গতকাল পাহারা দেন পুলিশের সদস্যরা ষ ছবি: প্রথম আলো
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার সাক্ষী রাউজানের জগত্মল্লপাড়ার বাসিন্দা আশীষ চৌধুরীর বাড়ির আঙিনায় গতকাল পাহারা দেন পুলিশের সদস্যরা ষ ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাউজানের জগৎমল্লপাড়ায় গতকাল বুধবার আশীষ চৌধুরীর বাড়ির আঙিনায় পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছিলেন। তাঁর ঘরের কপাট খোলা। তাঁর স্ত্রী মেরী চৌধুরী কী যেন কাজে ঘরের বাইরে এলেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘গতকাল বাড়ি ছিলাম না। আজ এসেছি।’ দু-একটা কথা বলে ঘরে ঢুকে যান তিনি।
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আশীষ চৌধুরী। গত মঙ্গলবার রায়ের দিন গিয়ে তাঁর ঘর তালাবদ্ধ দেখা যায়।
সাকা চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে জগৎমল্লপাড়ায় পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতিতেও বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। শুধু জগৎমল্লপাড়া নয়, উনসত্তরপাড়া ও কুণ্ডেশ্বরীসহ পুরো রাউজানে গতকালও ছিল আতঙ্ক।
গতকাল সরেজমিনে দেখা যায়, জগৎমল্লপাড়ার বেশির ভাগ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। রাস্তাঘাটেও রায় নিয়ে কোনো আলোচনা নেই। পাড়ায় ঘরের বাইরে সব মিলিয়ে চার-পাঁচজন লোক গেল। পঞ্চাশোর্ধ্ব সুলাল চৌধুরী বসে ছিলেন ঘরের দরজায়। তিনি বললেন, ‘আতঙ্ক তো কিছুটা থাকবেই। রায় ঘোষণা হয়েছে। যদি ৫০০ লোক হইহই করে চলে আসে, আমরা কী করব।’
সুলাল চৌধুরী জানান, ১৯৭১ সালের ১৩ এপ্রিল জগৎমল্লপাড়ায় হত্যাযজ্ঞের ঠিক আগমুহূর্তে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যান তিনি। ফিরে আসেন যুদ্ধের পর। পরে জেনেছিলেন তাঁর পাড়া-প্রতিবেশী ৩৬ জনকে হত্যা করা হয়েছে। একাত্তরের পরেও নানা সময়ে ভয়ভীতির সম্মুখীন হয়েছেন জগৎমল্লপাড়ার বাসিন্দারা। তিনি বলেন, ‘যুদ্ধের পর অনেক বড় বড় দালান হয়েছে। কিন্তু আমাদের এই একটি পাড়া এতিম। একটা অজানা ভয় সব সময়। তাই দিন দিন আমাদের পাড়া-প্রতিবেশী নিজের ধানি জমি বেছে দিচ্ছেন।’
অনুসন্ধানে জানা গেছে, ভয়ের অন্যতম কারণ সাকা চৌধুরীর অতীত কার্যকলাপ। একাত্তরে তাঁর নৃশংসতা দেখেছে স্থানীয় লোকজন। এরপর পঁচাত্তর থেকে আবার সাকা ও তাঁর লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন অনেকে।
মুক্তিযোদ্ধা ইসমাইল শাহ বলেন, সাকার বাহিনীর অত্যাচার সব সময় ছিল। একটা ভয়ভীতির মধ্যে দিয়ে এখানকার মানুষ দিনযাপন করেছে।