পুলিশি পাহারায় চট্টগ্রামে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কড়া পাহারার মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকেলে নাসিমন ভবনের কার্যালয়ে সমাবেশ চলাকালে সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতারা অনুপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতা-কর্মীদের বেশির ভাগই দলীয় কার্যালয়ের মূল ফটকের পরিবর্তে পেছনের রাস্তা দিয়ে চলে যান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম। তিনি বক্তব্য শেষ করে সমাবেশস্থল থেকেই গাড়িতে উঠে দ্রুত দলীয় কার্যালয় ত্যাগ করেন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় সদস্য ইয়াসিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে এক সপ্তাহের মধ্যে কঠোর কর্মসূচিরও হুমকি দেন তাঁরা। একাধিক বক্তা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। তখন শতাধিক পুলিশ নাসিমন ভবন ঘিরে কড়া পাহারা বসায়। এ অবস্থায় প্রধান অতিথি শামসুল আলম বিক্ষোভ মিছিল না করে সবাইকে সুশৃঙ্খলভাবে চলে যাওয়ার অনুরোধ জানান। এরপর নিজেই দলীয় কার্যালয়ের সামনে থেকে গাড়িতে চড়ে চলে যান। বিএনপি কেন্দ্রীয়ভাবে হরতাল ঘোষণা করার আগেই নগর বিএনপির সমাবেশ শেষ হয়ে যায়।