পুলিশি পাহারায় চলছে ভর্তি কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজে পুলিশি পাহারায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলেছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক এবং এইচএসসি পরীক্ষার্থী ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি পুলিশ। দুটি কলেজে গতকালও শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কলেজ দুটি পাশাপাশি অবস্থিত।
গত রোববার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এর আগের দিন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়া নিয়ে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার সংঘর্ষের পর চট্টগ্রাম ও মহসিন কলেজের শ্রেণি কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আজ বুধবার থেকে দুটি কলেজে ঈদের ছুটি শুরু হবে। আগামী ১০ জুলাই দুটি কলেজ খুলবে।
গতকাল সকালে চট্টগ্রাম কলেজের প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেয় পুলিশ। কলেজের কর্মচারীরা পুলিশের সঙ্গে ফটকে দাঁড়িয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই ঢোকার অনুমতি দেন।
সাংবাদিক পরিচয় দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করার পর কথা হয় রাহেলা ইউসুফ নামের এক অভিভাবকের সঙ্গে। মেয়েকে ভর্তি করাতে আসা এই অভিভাবক বলেন, ‘গত কয়েক দিন এখানে মারামারি ও সংঘর্ষ হয়েছে শুনে ভয় লেগেছে। আজ (গতকাল) পরিস্থিতি শান্ত। ক্যাম্পাসে মারামারি চাই না, লেখাপড়ার শান্তিপূর্ণ পরিবেশ চাই। মেয়ে ক্লাস করে নিরাপদে বাড়ি ফিরবে এমন ক্যাম্পাস চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন পর কলেজটি একটি গুমোট পরিবেশ থেকে মুক্ত হয়েছে। এখন সংঘাতহীন সুস্থধারার রাজনীতির চর্চা হবে এটাই আমরা চাই।’
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি তো আপনারা দেখছেন। দুই দিনের ঘটনার পর আমরা কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ করে দিই। একটি তদন্ত কমিটিও করেছি। আশা করি সব ঠিক হয়ে যাবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েক বছরে শ্রেণি কার্যক্রম বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। ঝামেলা চলার সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা কিছুটা আতঙ্কিত ছিলেন।
পাশের হাজী মুহাম্মদ মহসিন কলেজেও গতকাল শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। কলেজের প্রধান ফটকে ছিল পুলিশি পাহারা। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক এবং জরুরি প্রয়োজনে কলেজে আসা শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই কেবল তাঁরা কলেজে ঢোকার অনুমতি পান।
মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী বলেন, ‘আমাদের কলেজে ভর্তি কার্যক্রমের পাশাপাশি কিছু ইনকোর্স পরীক্ষা, ব্যবহারিক ক্লাস চলেছে। এমনিতে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। আমার এখানে তো সেভাবে কিছু হয়নি। তারপরও চট্টগ্রাম কলেজে যেহেতু সমস্যা হয়েছে, আগাম ব্যবস্থা হিসেবে আমরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখেছিলাম।’
মহসিন কলেজের প্রধান ফটকের সামনে কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোতাহেরের সঙ্গে। তিনি বলেন, ‘ভাইপোর ভর্তির বিষয়ে এসেছিলাম। তবে প্রতিদিন যেভাবে মারামারি-কাটাকাটি হচ্ছে, তাতে ভয়ও লাগে।’
টানা দুই দিনের সংঘর্ষের পর সোমবার সকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয় পুলিশ। ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল কলেজে যাননি।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মাধ্যমে চট্টগ্রাম ও মহসিন কলেজকে শিবিরের দখলমুক্ত করেছিলাম আমরা। রাতদিন পাহারা দিয়েছি। এখন পুলিশ আমাদের ওপর মারমুখী ভূমিকায় অবতীর্ণ। এই সুযোগে আবার শিবির যেন ক্যাম্পাসে ঢুকে না যায়।’
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, কোনো বহিরাগতকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।