পুলিশি পাহারায় ছাড়ল বিআরটিসি বাস
চাঁপাইনবাবগঞ্জের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে পুলিশি পাহারায় রহনপুর থেকে পাবনাগামী বিআরটিসির বাস গতকাল বৃহস্পতিবার ছেড়ে গেছে। গত বুধবার বিকেলে শহরের স্বরূপনগরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনাগামী বিআরটিসির বাসে ভাঙচুর চালানোর পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিসি বাস কাউন্টারের সহকারী মাস্টার সানাউল্লাহ জানান, গত বুধবার গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর থেকে পাবনাগামী বাস চলাচল শুরু হয়। বাসটি চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছামাত্র শ্রমিকেরা সেটি থামিয়ে বাসের সুপারভাইজার ও চালককে মারধর করে বাস ভাঙচুর করেন।
পরে থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে বিআরটিসির পাবনা ডিপোর ট্রাফিক ইন্সপেক্টর মো. তারিক থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল বিকেল সোয়া তিনটার দিকে পাবনাগামী এ বাসটিকে পাহারা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে পুলিশ।