পুলিশি পাহারায় পৌঁছানো হচ্ছে এসএসসি পরীক্ষার মালামাল
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ২৩১টি পরীক্ষাকেন্দ্রে পুলিশি পাহারায় গতকাল মঙ্গলবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মালামাল পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রগুলোতে মালামাল পৌঁছানো যায়নি। আজ বুধবারও পুলিশি পাহারায় মালামাল পৌঁছানো হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৮, ১০ ও ১১ জানুয়ারি বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ২৩১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, নিবন্ধন কার্ড, পরীক্ষার খাতা এবং প্রয়োজনীয় মালামাল পৌঁছানোর তারিখ ধার্য ছিল। অবরোধ ও হরতালের কারণে নির্ধারিত সময়ে এসব মালামাল ঝুঁকি নিয়ে বোর্ড থেকে নিতে কোনো কেন্দ্রসচিব আসেননি। এ অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ গত সোমবার পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেন। একই সঙ্গে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়। সব চিঠিতেই পরীক্ষার মালামাল নিরাপদে পৌঁছানোর জন্য বিভিন্ন উপজেলার কেন্দ্র ও মহাসড়কে নিরাপত্তা প্রদানের অনুরোধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা ও পুলিশ প্রশাসন নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ দেয়।
সরেজমিনে কুমিল্লা শিক্ষা বোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে আসা পুলিশের গাড়ি বোর্ড কার্যালয়ের সামনে রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব বোর্ড থেকে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে গাড়িতে তুলছেন।
মালামাল নিতে আসা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক নোয়াব আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব আবদুল হান্নান বলেন, ‘সকাল সাতটায় পুলিশ নিয়ে চাঁদপুর শহরে আসি। সেখানে অন্যান্য কেন্দ্রের সচিবেরাও পুলিশ নিয়ে আসেন। এরপর চাঁদপুর থেকে আরও রিজার্ভ পুলিশ আমাদের প্রটোকল দিয়ে কুমিল্লা বোর্ডে নিয়ে আসেন। প্রায় ২৫টি কেন্দ্রের সচিবেরা একসঙ্গে আসেন।’
চাঁদপুর পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) কামরুল আলম বলেন, চাঁদপুর থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও চাঁদপুরের বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আমরা কুমিল্লায় আসি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, নিরাপদে এসএসসি পরীক্ষার খাতাসহ অন্যান্য মালামাল পাঠানোর জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। প্রশাসন ও পুলিশ এ ক্ষেত্রে বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা করছে। আগামীকাল বুধবারও (আজ) মালামাল বিতরণ করা হবে।
পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, বোর্ডের চিঠি পাওয়ার পর জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বছর কুমিল্লা বোর্ডের আওতায় এক হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৪৫ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী ছয় জেলার ২৩১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে। পরীক্ষা উপলক্ষে বোর্ড প্রায় এক মাস আগে থেকেই মালামাল বিতরণ করে থাকে।