পুলিশি পাহারায় মঙ্গল শোভাযাত্রা
ব্যাপক নিরাপত্তা ও বিধিনিষেধের মধ্য দিয়ে এ বছর ঢাকায় উদ্যাপিত হবে বাংলা নববর্ষ। মঙ্গল শোভাযাত্রার সামনে থাকবে সোয়াট, তিন দিক ঘিরে রাখবে পুলিশ। বিকেল পাঁচটার মধ্যে খোলা জায়গার সব অনুষ্ঠান শেষ করতে হবে। এ দিন স্ত্রী ও নাবালক সন্তান ছাড়া অন্য কাউকে মোটরসাইকেলে নেওয়া যাবে না।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার রিফাত রহমান শামীম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় কোনো যানবাহন চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কমুখী ২৬টি ক্রসিংয়ে যানবাহন আটকে দেওয়া হবে। এসব যানবাহনের জন্য বিকল্প পথের মানচিত্র করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। ১১ হাজার পোশাকধারী পুলিশের পাশাপাশি প্রচুর সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। নারী উত্ত্যক্তকারী, ছিনতাইকারী ও পকেটমারদের ঠেকাতে থাকবে বিশেষ দল। প্রস্তুত থাকবে বোমা নিষ্ক্রিয়করণ দল ও সোয়াট। নিরাপত্তার বিষয়ে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
ডিএমপির কমিশনার বলেন, পুলিশ এবার মঙ্গল শোভাযাত্রার পেছনে ও দুই পাশে ঘিরে রাখবে, সামনে সোয়াট। শোভাযাত্রা শুরুর পর সেখানে কারও ঢোকার সুযোগ থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে শোভাযাত্রা শুরু হওয়ার সময়ই কেবল এতে অংশ নেওয়া যাবে। মঙ্গল শোভাযাত্রার যাত্রাপথের পুরোটাই সিসি ক্যামেরার আওতায় থাকবে। যাত্রাপথের দুই পাশের বহুতল ভবনগুলোতেও পুলিশের পাহারা থাকবে। শোভাযাত্রায় কেউ মুখোশ পরে অংশ নিতে পারবেন না। বাণিজ্যিক ব্যানার-ফেস্টুনও বহন করা যাবে না।
বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে কোনো আয়োজন বা সমাবেশ করা যাবে না উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশ চলবে। তবে চারদেয়ালের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিকেল পাঁচটার পর সমাবেশ করা যাবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার ও বের হওয়ার আলাদা প্রবেশপথ থাকবে। প্রতি প্রবেশপথে আর্চওয়ে থাকবে। সবার দেহ তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে। গোটা উৎসবে ভুভুজেলা নিষিদ্ধ থাকবে।
নিষিদ্ধ যা যা
কোনো প্রকারের ব্যাগ বা পোঁটলা
দেশলাই বা যেকোনো দাহ্য বস্তু
ছুরি-চাকু, ব্লেড বা নেইল কাটার
ভুভুজেলা
মুখোশ পরিধান
ধূমপান
মোটরসাইকেলে পুরুষ যাত্রী
পাঁচটার পর উন্মুক্ত স্থানের অনুষ্ঠান