পুলিশি পাহারায় সাংসদের প্রচারণা!
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ আবু জাহির পুলিশি পাহারায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় আগে-পেছনে পুলিশ ছিল।
জানা যায়, গত বুধবার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। ওই সময়ও সাংসদের পাশে দুজন বন্দুকধারী পুলিশ ছিল।
নাম প্রকাশ না করার শর্তে হবিগঞ্জ শহরের একজন ভোটার বলেন, ‘সব সময়ই মন্ত্রীদের মতো সাংসদ জাহিরের গাড়ির সামনে পুলিশের পিকআপ থাকে। গাড়ির ভেতরে থাকে দুজন গানম্যান। তবে কদিন ধরে পিকআপটা দেখছি না। গানম্যান দুজনের পাহারা ঠিকই আছে।’
সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘তিনি সাংসদ। তাঁকে নিরাপত্তা দেওয়াটাও পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে।’
সাংসদ জাহির সম্প্রতি জানান, এ এলাকায় শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড ঘটেছে। পাশাপাশি জঙ্গি নেতা সাইদুর রহমানের বাড়ি এ জেলায়। তাই নিরাপত্তার স্বার্থে তিনি গানম্যান ও পুলিশ প্রটোকল নেন।