মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে সিলেট শহরতলির খাদিমনগরে কালাগুল চা-বাগানের শ্রমিকদের একাংশ প্রায় দেড় মাস ধরে ধর্মঘট পালন করছে। গত শুক্রবার ধর্মঘটী চা-শ্রমিকদের ওপর বহিরাগত লোকজনের হামলা ও পরে সংঘর্ষের ঘটনায় চা-বাগানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে পুলিশ দাবি করেছে, আজ রোববার অনুষ্ঠেয় নির্বাচন ও চা-বাগানের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
গতকাল শনিবার চা-শ্রমিক সংঘের পক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতারা সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
কালাগুল চা-বাগান সূত্রে জানা গেছে, বাগানে কর্মরত চা-শ্রমিকদের প্রতিদিনের মজুরি ৬৯ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করাসহ ১০ দফা দাবিতে গত ১ জুন থেকে ধর্মঘট আহ্বান করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (এনডিএফ) নিয়ন্ত্রিত চা-শ্রমিক সংঘ। এ ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নেয় চা-বাগান কর্তৃপক্ষনিয়ন্ত্রিত চা-শ্রমিক ইউনিয়ন। এ নিয়ে প্রায় এক মাস ধরে দুই পক্ষে পাল্টাপাল্টি তৎপরতার মধ্যে চা-বাগানে ধর্মঘট চলছিল। শুক্রবার বেলা দেড়টার দিকে একদল পুলিশ সেখানে গেলে ধর্মঘটী চা-শ্রমিকেরা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, শুক্রবার বাগান কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় ধর্মঘটবিরোধী চা-শ্রমিকদের পক্ষে বহিরাগত একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করে। পুলিশের সামনেই এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ধর্মঘটী শ্রমিকেরা। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন চা-শ্রমিক আহত হন। এ পরিস্থিতিতে পুলিশ দুই পক্ষকে নিয়ে চা-বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসার আহ্বান জানালে পরিস্থিতি শান্ত হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, চা-বাগানের আদি সংগঠন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ রোববার। এ উপলক্ষে পুলিশের একটি দল সেখানে গিয়েছিল। পুলিশের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে একপর্যায়ে পুলিশ দুই পক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একপক্ষের ধর্মঘট ও অন্য পক্ষের নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ৪১ সদস্যের একটি পুলিশ দল কালাগুল চা-বাগানে মোতায়েন করা হয়েছে।
কালাগুল চা-বাগানের মহাব্যবস্থাপক সবুর খান দাবি করেন, চা-শ্রমিক সংঘের নেতারা বাগানের সাধারণ শ্রমিকদের জিম্মি করে ধর্মঘট পালন করছেন। তাঁদের অনৈতিক ধর্মঘটের কারণে গত ৩৯ দিনে বাগানের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও প্রশাসনকে উপেক্ষা করে তাঁরা বাগানকে অচল করে রেখেছেন। এ অবস্থায় বাগানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
ধর্মঘটী চা-শ্রমিকদের পক্ষের বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়া বলেন, চা-শ্রমিকদের মৌলিক দাবির প্রতি চা-বাগান কর্তৃপক্ষ ন্যূনতম সহানুভূতিশীল না হয়ে বরং পুলিশ ও সন্ত্রাসী দিয়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার এ রকম ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। এ অবস্থায় সাধারণ চা-শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।