পুলিশি বাধায় জাপার সভা পণ্ড
নতুন বছরের প্রথম দিন আজ বুধবার পুলিশের বাধায় পণ্ড হয়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) একটি আলোচনাসভা। দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় এই আলোচনাসভা হওয়ার কথা ছিল।
জাপার ঢাকা মহানগর (উত্তর) শাখার সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সকাল ১০টার কিছু পর গুলশান থানার পুলিশ এসে আমাদের অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় কমিউনিটি সেন্টারের বাইরে র্যাবের চারটি গাড়ি আসে। দ্রুত স্থানত্যাগের জন্য আমাদের নির্দেশ দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বছরের প্রথম দিনই এ ধরনের ঘটনা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত।’
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের ভাই জি এম কাদেরের। বিশেষ অতিথি জাপার মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করার জন্য আগে অনুমতি নেওয়া হয়নি। এ কারণে আয়োজকদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।
জাপার ঢাকা মহানগর (উত্তর) শাখার সভাপতি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতি দাবি করেন, ঘটনার পর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সঙ্গে যোগাযোগ করে সভা করার অনুমতি চেয়েছিলেন। পরে তিনি জানিয়েছেন, কোনো অনুষ্ঠান করা যাবে না।