পুলিশি বাধায় ঝিনাইদহে কৃষক সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশে হামলা হতে পারে, এমন কথা বলে কৃষক সংগঠনের ডাকা কৃষক সমাবেশ বন্ধ করে দিয়েছে ঝিনাইদহ থানা পুলিশ। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে বুধবার বিকেলে এই সমাবেশের ডাক দিয়েছিল। পুলিশি বাধার কারণে সমাবেশ না করেই ফিরতে হয়েছে বলে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের সংকট, কৃষি ও কৃষকের সমস্যা এবং সারা দেশে সন্ত্রাসের প্রতিবাদে দেশব্যাপী তাঁদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার ঝিনাইদহের নলডাঙ্গা বাজারে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়, যা আগেই অবহিত করে এবং নিরাপত্তার দাবি করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত আবেদন করা হয়েছিল। এর পরও বুধবার সকালে সরকারি দলের স্থানীয় নেতাদের মদদে তাঁদের সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুনিত কুমার জানান, তাঁরা সমাবেশ করার জন্য পূর্বানুমতি নেননি। তা ছাড়া তাঁদের দলের মধ্যে সমস্যা থাকায় বিশৃঙ্খলা হতে পারে। যে কারণে তাঁরা সমাবেশ না করার জন্য বলেছেন।